‘টি ২০ খেলছি’, বিয়ের পরের দিনই জন্মদিন, নতুন জীবন নিয়ে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ

রাজনৈতিক জগতের ব্যস্ততা সরিয়ে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার রিঙ্কু মজুমদারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একান্তে মুখ খুললেন দিলীপ ঘোষ।

রাজনৈতিক জীবনের ব্যস্ততা সরিয়ে শুক্রবার দিনভর আলোচনার কেন্দ্রে ছিলেন দিলীপ-রিঙ্কু। দীর্ঘদিনের সহকর্মী রিঙ্কুর সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ। কেমন লাগছে এই নতুন জীবন? একান্ত সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানান, “আজ বিয়ে, কাল জন্মদিন। একেবারে টি ২০ খেলে নিচ্ছি।”

বিয়ে ও জন্মদিনের অনুষ্ঠান নিয়ে দিলীপ ঘোষ জানান, “বাড়িতে বিশেষ কোনো আত্মীয় বা বন্ধুকে নিমন্ত্রণ করা হয়নি। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারছি। তবে, জন্মদিনের সকালে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দেখা করব।”

দিলীপ ঘোষ আরও বলেন, “বৈবাহিক জীবনে প্রবেশ করাটা আমার কাছে একটি নতুন চ্যালেঞ্জ। আমি এবং রিঙ্কু দুজনেই পরিণত। তাই আশা করছি, আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না।”

শুক্রবার বৈদিক রীতিতে বিয়ে সারেন দিলীপ ঘোষ। পাশাপাশি, আইনি মতেও বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সকালে বিজেপির শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষের বাড়িতে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। তবে, সন্ধ্যায় ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ কোনো নেতা-নেত্রীকে দেখা যায়নি। দিলীপ ঘোষ জানান, “আমার জীবন যেমন সহজ-সরল, বিয়েটাও তেমনই সাধারণ রাখতে চেয়েছি।”