মাধুরী-সঞ্জয়ের প্রেম ভাঙনে খলনায়ক হয়েছিলেন সুভাষ ঘাই?

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। তাঁর ‘ধক ধক’ নাচে মুগ্ধ ছিল আসমুদ্রহিমাচল। সেই সময় বহু অভিনেতাই মাধুরীর প্রেমে হাবুডুবু খেতেন। অনিল কাপুরের সঙ্গে জুটি বাঁধলেও, সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর প্রেমের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত বিষয়। সঞ্জয় দত্তও সেই সময় অসুস্থ স্ত্রী রিচা শর্মাকে বাড়িতে রেখে মাধুরীর সঙ্গে সময় কাটাতেন। শোনা যায়, মাধুরী ও সঞ্জয় তাঁদের সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন যে, তাঁরা নাকি বিয়েরও পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাঁদের এই সম্পর্কের মাঝে নাকি খলনায়ক হয়ে আসেন পরিচালক সুভাষ ঘাই!
সঞ্জয় দত্তের প্রেমিকার তালিকা দীর্ঘ হলেও, মাধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বেশ গভীর। এমনকী, মাধুরী অন্য কাউকে বিয়ে করার পর সঞ্জয় নাকি ভেঙেও পড়েছিলেন।
এই ঘটনাটি ঘটে সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক’ ছবির তৈরির সময়। মাধুরী ও সঞ্জয়ের প্রেম তখন বলিউডের ‘টক অফ দ্য টাউন’। শোনা যায়, তাঁদের বিয়েরও নাকি তোড়জোড় চলছিল। সেই সময় সুভাষ ঘাই ‘খলনায়ক’ ছবির পরিকল্পনা করেন এবং শুটিং শুরুর তোড়জোড়ও শুরু হয়ে যায়। কিন্তু শোনা যায়, মাধুরী ও সঞ্জয়ের এই সম্পর্ক নাকি একেবারেই মেনে নিতে পারেননি পরিচালক।
সুভাষ ঘাই নাকি ভয় পেয়েছিলেন, ‘খলনায়ক’ ছবির শুটিং চলাকালীন যদি মাধুরী ও সঞ্জয়ের বিয়ে হয়ে যায় এবং অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তাহলে ছবির কাজ বন্ধ হয়ে যেতে পারে। সেই আতঙ্ক থেকেই নাকি এক মারাত্মক পদক্ষেপ নিয়েছিলেন সুভাষ ঘাই। যদিও ঠিক কী করেছিলেন পরিচালক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এই ঘটনা মাধুরী ও সঞ্জয়ের সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলেছিল, তা নিয়ে আজও বলিউডের আনাচে কানাচে ফিসফাস শোনা যায়।