বাক্স তো নয়, যেন টাকার খনি! সুন্দরবনের মৌলেদের জন্য নতুন দিগন্ত

সুন্দরবনের ঐতিহ্যপূর্ণ পেশাগুলির মধ্যে অন্যতম মধু সংগ্রহ। মৌলেদের জীবনধারণের প্রধান উৎস এই কাজ। প্রতি বছর ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে বন দফতরের অনুমতি নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেন তাঁরা। তবে এবার সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকের সেই সমস্ত পরিবারগুলির জন্য আশার আলো দেখাচ্ছে বন দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যারা নদীতে মাছ, কাঁকড়া ধরা এবং জঙ্গল থেকে মধু সংগ্রহের ওপর নির্ভরশীল, তাঁদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কুলতলিতে।
সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে প্রায়শই বাঘের আক্রমণের শিকার হন মৎস্যজীবীরা, কেড়ে নেন অমূল্য প্রাণ। বাঘের হামলায় অনেকেই গুরুতর জখমও হন। এই ভয়াবহতা উপলব্ধি করে ভারত সরকারের সহযোগিতায় ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে, স্বেচ্ছাসেবী সংস্থা কুলতলির উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহের একটি বিকল্প পথ তৈরি হচ্ছে। অন্য সময়ে জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু পাওয়া যায় না, কারণ তখন জঙ্গলের গাছে ফুল ফোটে না। ফলে মৌমাছিরা মধু সংগ্রহের বদলে বাসাতেই বসে থাকে।
তবে ফাল্গুন ও চৈত্র মাসে তেমন ঝড়বৃষ্টি না হওয়ায় মৌচাকের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। পাশাপাশি, বৃষ্টি না থাকায় মধুতে জলের পরিমাণও কম থাকে, ফলে মধু হয় ঘন ও উৎকৃষ্ট মানের। সেই কারণেই ফাল্গুন-চৈত্র মাসই মৌলেদের মধু সংগ্রহের সেরা সময়। প্রতিকূল পরিবেশ, বাঘ, সাপ ও কুমিরের ভয় উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা এই কাজ করে থাকেন। সেই কথা মাথায় রেখেই বিকল্প জীবিকার সন্ধানে সুন্দরবনের জঙ্গল ঘেঁষা গ্রামগুলিতে মৌমাছির বাক্সে চাষ করা হচ্ছে। আর এই বাক্সগুলিই এখন স্থানীয়দের কাছে যেন ‘টাকার খনি’তে পরিণত হয়েছে।
এই প্রশিক্ষণ এবং মৌমাছি পালনের মাধ্যমে সুন্দরবনের মৌলেরা একদিকে যেমন বাঘের আক্রমণের ভয় থেকে মুক্তি পাবেন, তেমনই নতুন একটি স্থিতিশীল উপার্জনের পথ খুঁজে পাবেন, যা তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে।