‘দেশ সেবা করতে নয়, রোজগারের জন্য তৃণমূলে আশ্রয়’! কাকে খোঁচা দিয়ে একথা বললেন সাংসদ?

বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর বিস্ফোরক অভিযোগ, “পুলিশ দেশসেবার বদলে তৃণমূলের আশ্রয়ে রোজগার করছে।” বিবড়দায় দলের ভোটার তালিকা সংশোধন শিবিরে পৌঁছতে গিয়ে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে এই মন্তব্য করেন সাংসদ। তিনি বলেন, তালড্যাংরা থানার পুলিশ আধিকারিকদের ঔদ্ধত্যের কারণে সময়মতো শিবিরে পৌঁছতে পারেননি। তাঁর অভিযোগ, একটি মাত্র পুলিশ ভ্যান পাঠিয়ে দায় সারা হয়েছে।
শিবিরে পৌঁছে ক্ষুব্ধ অরূপ চক্রবর্তী বলেন, “একজন সাংসদ আসছেন, আর আপনাদের পৌঁছে দিতে লজ্জা হয়! এরা তৃণমূলের বন্ধু নয়, সরকারেরও নয়। এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না। এরা রোজগারের জন্য তৃণমূলে আশ্রয় নিয়েছে, দেশসেবার জন্য নয়।”
সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ, “অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির ভাইপো বলে ২০টি গাড়ি পান, বরানগরের বিধায়ক ৪টি গাড়ির পাইলট নিয়ে ঘোরেন, আর অরূপবাবুকে পুলিশ একটু সম্মানও দেখাবে না? পুলিশ এখন টাকা তোলার জন্য তৃণমূলের সঙ্গে আছে। পুলিশ না থাকলে এঁদের অস্তিত্বও বিপন্ন হবে।”
সিপিএম নেতা শতরূপ ঘোষের প্রতিক্রিয়া, “অরূপ চক্রবর্তী সত্যি কথা বলেছেন। উনি স্বীকার করেছেন, তৃণমূলে থাকলে রোজগার করা যায়। শুধু পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। অরূপ চক্রবর্তী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই তো রোজগারের জন্যই তৃণমূলে আছেন, ভালোবেসে আর কে তৃণমূল করে?”
অরূপ চক্রবর্তীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।