নাড্ডার উত্তরসূরী কে? BJP-র নতুন সর্বভারতীয় সভাপতির নাম বাছাই করতে শুরু হল চূড়ান্ত তৎপরতা

জেপি নাড্ডার উত্তরসূরী কে হবেন, এই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী ২০ এপ্রিল থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে চলেছে।
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। তার আগে, পশ্চিমবঙ্গের সভাপতির নাম চূড়ান্ত হবে কিনা, তা নিয়ে জল্পনা জিইয়ে রাখা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই কেন্দ্রসহ আরও প্রায় সাতটি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি। তবে, এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম আছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। বিজেপি ইতিমধ্যেই ১৫টি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করেছে।
গত মঙ্গলবার রাতে, জেপি নাড্ডার সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন অমিত শাহ এবং রাজনাথ সিং। এর পর, বুধবার অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে, অমিত শাহ ফের জেপি নাড্ডার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।
সূত্রের খবর, রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত হওয়ার পরই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, বিজেপিতে ‘এক ব্যক্তি, এক পদ’ – এই নিয়ম চালু রয়েছে। কোনও ব্যক্তি একই সঙ্গে দুটি পদে থাকতে পারেন না। লোকসভা নির্বাচনের পর জেপি নাড্ডাকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। ফলে, তাঁকে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে। তাঁর পরিবর্তে কে সভাপতি হবেন, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছে।
একইভাবে, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় মন্ত্রী পদ পেয়েছেন। তাঁর জায়গায় অন্য কাউকে সভাপতি করা হবে। তবে, সুকান্ত মজুমদারের উত্তরসূরী কে হবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।