Swiggy-র নতুন প্লাটফর্ম PYNG, বাজার কাঁপাতে চলেছে এই অ্যাপ! কি কি রয়েছে, জানলে অবাক হবেন

জনপ্রিয় খাদ্য সরবরাহকারী সংস্থা সুইগি (Swiggy) তাদের ব্যবসার দিগন্ত প্রসারিত করতে চলেছে। এবার তারা ‘PYNG’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসছে। এই খবর প্রকাশ্যে আসার পরই শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং সুইগির শেয়ারের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, ‘PYNG’ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত অনলাইন মার্কেটপ্লেস হতে চলেছে।

এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুইগি আর কেবল খাবার বা মুদিখানার দ্রব্য ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ‘PYNG’-এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের পেশাদার পরিষেবাও পাবেন। মনে করা হচ্ছে, ‘PYNG’ আরবান কোম্পানির মতো প্রতিষ্ঠিত সংস্থাকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলতে পারে।

সুইগি ‘PYNG’-কে একটি এআই সহকারী-চালিত পেশাদার পরিষেবার মার্কেটপ্লেস হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ১০০ জনেরও বেশি পেশাদার এবং বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। সংস্থার প্রাথমিক লক্ষ্য হল এই প্ল্যাটফর্মে ১০,০০০ এরও বেশি বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা।

‘PYNG’-এ স্বাস্থ্য, অর্থ, আধ্যাত্মিকতা, ইভেন্ট, ভ্রমণ এবং শিক্ষার মতো বিভিন্ন বিভাগে পেশাদার বিশেষজ্ঞদের খুঁজে পাওয়া যাবে। ফিটনেস প্রশিক্ষক থেকে শুরু করে ট্যারোট কার্ড রিডার, ওয়েলথ ম্যানেজার বা ডিজে – সবই মিলবে সুইগির এই নতুন প্ল্যাটফর্মে। এছাড়াও, নিউট্রিশনিস্ট, থেরাপিস্ট এবং যোগ প্রশিক্ষকের মতো পেশাদাররাও এখানে উপলব্ধ থাকবেন।

‘PYNG’-এর মাধ্যমে সুইগি একটি ‘সুপার অ্যাপ’ হওয়ার দৌড়ে আরও একধাপ এগোল। খাদ্য ও মুদিখানার সামগ্রী সরবরাহের পাশাপাশি এবার পেশাদার পরিষেবা প্রদানের মাধ্যমে সুইগি তাদের গ্রাহক পরিসর আরও বাড়াতে চাইছে এবং ডিজিটাল পরিষেবা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিতে উদ্যোগী হয়েছে।