BigNews: প্রাইভেট স্কুলের লাগামছাড়া ফি, বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দিল্লির বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠছে। কখনও অবৈধ ফি বৃদ্ধি, আবার কখনও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের পর এবার ‘কারণ ছাড়া’ মাইনে বাড়ানোর প্রতিবাদ করায় অভিভাবকদের সন্তানদের স্কুল থেকে বহিষ্কার করার অভিযোগ সামনে এল। বেসরকারি স্কুলগুলির এই ধরনের আচরণে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি স্পষ্ট জানিয়েছেন, বেসরকারি স্কুলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আর বরদাস্ত করা হবে না।

সম্প্রতি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় বেশ কয়েকজন অভিভাবক স্কুলের ফি বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। অভিভাবকদের অভিযোগ শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, “এরকম বিষয় চলতে পারে না। ফি বৃদ্ধির জন্য নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে এবং প্রতিটি স্কুলকে তা অবশ্যই মেনে চলতে হবে। যদি কোনও স্কুল এই নিয়ম অমান্য করে, তাহলে তাকে এর ফল ভুগতে হবে। শুধু জরিমানা নয়, এমন অভিযোগ প্রমাণিত হলে স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে।”

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরও বলেন, স্কুল কখনই ফি বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের হুমকি দিতে পারে না। এদিন কয়েকজন অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, মডেল টাউনের কুইন মেরি স্কুল কর্তৃপক্ষ অবৈধ ফি বৃদ্ধির প্রতিবাদ করায় তাদের সন্তানদের স্কুল থেকে বহিষ্কার করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “দিল্লির সরকার শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা, সমান সুযোগ এবং শিশুদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। যে কোনও ধরনের অন্যায়, অনিয়ম রুখতে দিল্লির সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রতিটি শিশু যেন সম্মানের সঙ্গে উচ্চমানের শিক্ষা পায় তা নিশ্চিত করা।”

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা দিল্লির বেসরকারি স্কুলগুলির জন্য একটি স্পষ্ট হুঁশিয়ারি সংকেত বলেই মনে করছেন অভিভাবক মহল। সরকারের এই কঠোর পদক্ষেপ শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।