নববর্ষে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন চমক, যিশু-সৌরভের ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’-এর সঙ্গে মহেশ ভাট

নববর্ষের প্রাক্কালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সিনেপ্রেমী দর্শকদের জন্য এল এক দারুণ সুখবর। টলিউডে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন প্রযোজনা সংস্থা – ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। এই নতুন উদ্যোগের নেপথ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। আর এই যাত্রায় তাঁদের সঙ্গী হয়েছেন প্রখ্যাত পরিচালক মহেশ ভাট।

অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের এই নতুন পথ চলা শুরু হল পয়লা বৈশাখের শুভ দিনে। দুজনেই ক্রিকেট খেলার মাঠ থেকে একে অপরের বন্ধু। সেই বন্ধুত্ব এবার নতুন রূপ নিল প্রযোজনা সংস্থার হাত ধরে। তবে ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’-এর সবচেয়ে বড় চমক হলেন স্বয়ং মহেশ ভাট। এই প্রবাদপ্রতিম পরিচালকও যুক্ত থাকছেন এই প্রোডাকশন হাউসের সঙ্গে। যিশু এবং সৌরভ আশ্বাস দিয়েছেন, তাঁদের এই সংস্থা সিনেমা থেকে শুরু করে গান, বিনোদনের সমস্ত কিছুই দর্শকদের উপহার দেবে।

এই নতুন উদ্যোগ প্রসঙ্গে অভিনেতা যিশু সেনগুপ্ত বলেন, “এই প্রোডাকশন হাউজ খোলার প্রস্তাব প্রথম আমাকে সৌরভই দেয়। ওকে পাশে পাওয়ায় আর দেরি করিনি। দুজন অভিনেতা একসঙ্গে এলে অনেক সময় সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমরা দুজনে বিস্তর আলোচনা করেছি, কোথায় সমস্যা হতে পারে তা নিয়ে। সৌরভ স্পষ্ট জানে ও জীবন থেকে কী চায়। আমাদের দুজনের লক্ষ্য এক হলেও কাজের পদ্ধতি আলাদা। আমাদের দুজনেরই প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম হাউজের নাম জোকার বা ওরকম কিছু রাখব। পরে জোকারের বিখ্যাত সংলাপ ‘হোয়াই সো সিরিয়াস’ মাথায় রেখেই এই নামকরণ করা হয়।”

অভিনেতা সৌরভ দাস জানান, “আমাদের তৈরি করা সব ছবিতে যে আমি বা যিশুদা থাকব, এমনটা নয়। কাস্টিং সম্পূর্ণ নির্ভর করবে কনটেন্টের ওপর। আমরা চেষ্টা করব নতুন প্রতিভাদের কাজ দেওয়ার, তাদের সুযোগ করে দেওয়ার। আমরা ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট, মিউজিক ভিডিও – সবকিছু তৈরি করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য দর্শকদের ভালো কনটেন্ট উপহার দেওয়া।”

এই নতুন উদ্যোগে সামিল হতে পেরে উচ্ছ্বসিত মহেশ ভাট। তিনি বলেন, “যিশু সেনগুপ্ত আমার ছেলের মতো। ও যদি কিছু বলে, আমি সেই অনুরোধ ফেলতে পারি না। যিশু সেনগুপ্তের মতো অভিনেতা ইন্ডাস্ট্রিতে খুব কম দেখা যায়। ওর প্রতিভা অসাধারণ। তাই যিশুর এই নতুন উদ্যোগে আমি অবশ্যই পাশে থাকব। এখন তো কলকাতায় আমার যাতায়াত লেগেই থাকবে। যিশু আর সৌরভ কী করতে চলেছে, সেটা দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। এক ম্যাজিশিয়ানের টুপি থেকে যেমন একের পর এক চমক বের হয়, তেমনই চমক অপেক্ষা করছে।”

বিনোদনের এই নতুন মাধ্যমে যিশু, সৌরভ এবং মহেশ ভাট কী কী চমক নিয়ে আসেন, এখন সেই দিকেই তাকিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দর্শক ও কলাকুশলীরা।