মুর্শিদাবাদ হিংসা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন যোগী আদিত্যনাথ

মুর্শিদাবাদের সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেন, “বাংলা যখন জ্বলছে, তখন মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন। শুধু তাই নয়, যারা গোষ্ঠী সংঘর্ষ বাধাচ্ছে, তাদের মুখ্যমন্ত্রী শান্তির দূত বলে অভিহিত করছেন।”
এএনআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ আরও বলেন, “ধর্ম নিরপেক্ষতার নামে গোষ্ঠী সংঘর্ষকারীদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। তাদের অশান্তি পাকানোর স্বাধীনতা দেওয়া হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, গত সপ্তাহে গোটা মুর্শিদাবাদ জ্বলে উঠলেও রাজ্য সরকারকে নীরব থাকতে দেখা গেছে। এই নৈরাজ্য বন্ধ করার আহ্বান জানান তিনি।
যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, মুর্শিদাবাদ নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিম জানান, গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদের জঙ্গিপুরে নতুন করে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। পুলিশি টহলদারি জোরদার করা হয়েছে এবং এলাকা ছেড়ে যাওয়া মানুষজন ঘরে ফিরতে শুরু করেছেন। তিনি সাধারণ মানুষকে গুজব না ছড়ানোর আহ্বান জানান।