OYO রুমে যেতে আর লাগবে না আধার কার্ড! বড় ঘোষণা করলেন কেন্দ্র

এবার থেকে আধার কার্ড সঙ্গে না থাকলেও আর চিন্তা নেই। ব্যাঙ্ক হোক বা হোটেল, পরিচয়পত্র হিসেবে আধার ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ হতে চলেছে। কেন্দ্র সরকার একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসছে, যার মাধ্যমে আধার কার্ড অথবা তার ফটোকপির প্রয়োজন হবে না। মঙ্গলবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মন্ত্রী এই নতুন উদ্যোগের কথা জানান। তিনি লেখেন, ‘লাগবে না আধার কার্ড, লাগবে না কোনও ফটোকপি। আধার ভেরিফিকেশন এখন UPI করার মতো সহজ।’ যদিও তিনি এই নতুন আধার অ্যাপটির নাম সম্পর্কে কিছু জানাননি।
এই নতুন পদ্ধতিতে কী কী সুবিধা পাওয়া যাবে, তা নিয়েও মন্ত্রী বিস্তারিত তথ্য দিয়েছেন। জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে আধার ভেরিফিকেশন বা পরিচয় যাচাই প্রক্রিয়া অনেক সরল হবে। ব্যাঙ্ক, হোটেল-সহ বিভিন্ন স্থানে পরিচয় দেখানোর জন্য এই অ্যাপে একটি QR কোড জেনারেট করা যাবে। কর্তৃপক্ষ সেই QR কোড স্ক্যান করলেই ব্যবহারকারীর আধার কার্ডের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন ব্যবস্থায় আধার কার্ড এবং ব্যবহারকারীর তথ্য আরও সুরক্ষিত থাকবে বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই অ্যাপটি খুলতে গ্রাহকের ফেস আইডি (মুখ শনাক্তকরণ) ব্যবহার করতে হবে। ভিডিওতে অ্যাপটির একটি ঝলকও দেখানো হয়েছে, যেখানে ফেস আইডি-র মাধ্যমে অ্যাপে লগইন এবং QR কোড জেনারেট করার প্রক্রিয়া দেখানো হয়েছে।
New Aadhaar App
Face ID authentication via mobile app❌ No physical card
❌ No photocopies🧵Features👇 pic.twitter.com/xc6cr6grL0
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2025
নতুন এই অ্যাপ সম্পর্কে মন্ত্রী বৈষ্ণব বলেন, ‘বর্তমানে নতুন আধার অ্যাপটি প্রাথমিক পরীক্ষার স্তরে রয়েছে। বিটা টেস্টিং সফলভাবে সম্পন্ন হলেই কেন্দ্র সরকার সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই অ্যাপটি চালু করবে। এর ফলে মানুষকে আর কখনও আধারের ফটোকপি তো দূরের কথা, আধার কার্ডও সঙ্গে নিয়ে ঘুরতে হবে না।’ কেন্দ্রের এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই এই অ্যাপটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে।