মেয়ের প্রেম করে বিয়ে, মানতে না পেরে আত্মঘাতী বাবা, লিখে গেলেন সুইসাইড নোট! পড়ুন….

পরিবারের ইচ্ছের বিরুদ্ধে মেয়েকে বিয়ে করার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বাবা। অবশেষে স্নায়ুচাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গাওলিয়রে। বুধবার রাতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন সঞ্জু জয়সওয়াল নামে এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জু জয়সওয়ালের এলাকায় একটি ওষুধের দোকান ছিল। প্রায় ১৫ দিন আগে তাঁর মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাদেরই এক প্রতিবেশীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন সঞ্জু। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেয়েটি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে বিয়ে করেছে। এমনকি, পুলিশ ইন্দোর থেকে ওই নবদম্পতিকে উদ্ধারও করে আনে। তবে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি পথে কোনও পদক্ষেপ নিতে পারেননি অসহায় বাবা সঞ্জু।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাতে সঞ্জু তাঁর নিজের ঘরেই ছিলেন। হঠাৎ মধ্যরাতে একটি বিকট শব্দ শুনতে পান পরিবারের অন্যান্য সদস্যরা। শব্দ শুনে তাঁরা ছুটে যান সঞ্জুর ঘরের দিকে। দরজা খুলে ঘরে ঢুকেই তাঁরা রক্তারক্তি কাণ্ড দেখতে পান। এই ঘটনায় বাড়িতে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরাও ছুটে আসেন এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সঞ্জুর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে সঞ্জু তাঁর মেয়ের বিয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘হর্ষিতা, তুই ভুল করেছিস। আমি চলে যাচ্ছি। আমি চাইলে তোদের দু’জনকে মেরে ফেলতে পারতাম। কিন্তু তুই তো আমার মেয়ে, এটা কীভাবে করি বলতো?’ এই হৃদয়বিদারক সুইসাইড নোটটি পড়ে পরিবারের সদস্যরা আরও ভেঙে পড়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মেয়ের প্রেম করে বিয়ে মেনে নিতে না পারার কারণে বাবার আত্মহত্যার এই ঘটনা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।