“আতঙ্কে চোখ মুখ ফ্যাকাসে…”-দিঘায় স্নানে নেমে ভয়াবহ দুর্ঘটনা, ঢেউয়ের ধাক্কায় আহত মহিলা

দিঘায় সমুদ্র স্নানে নেমে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন কলকাতার যাদবপুরের এক মহিলা পর্যটক। রবিবার দুপুরে সমুদ্রের বিশাল ঢেউয়ের ধাক্কায় বোল্ডারে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, ৬২ বছর বয়সী মীনাক্ষী নন্দী শনিবার কলকাতার যাদবপুর থেকে পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন। রবিবার দুপুরে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি সমুদ্র স্নানে নামেন। সকলে যখন আনন্দ করে জলে গা ভাসাচ্ছিলেন, তখনই ঘটে বিপত্তি। আচমকা একটি বিশাল ঢেউ এসে মীনাক্ষী দেবীকে আছড়ে ফেলে। ঢেউয়ের ধাক্কায় তিনি ছিটকে গিয়ে সরাসরি সৈকতের বোল্ডারে পড়েন এবং গুরুতর আঘাত পান।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই সৈকতে উপস্থিত অন্যান্য পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কর্তব্যরত নুলিয়ারা ছুটে এসে মীনাক্ষী দেবীকে উদ্ধার করেন এবং তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের পর টোটোতে তোলার সময় ভয় ও আতঙ্কে মীনাক্ষী দেবীর মুখ একেবারে ফ্যাকাসে হয়ে গিয়েছিল।

একই দিনে দিঘায় আরও একটি দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে আসা মুন্নি দেবী নামের এক মহিলাও সমুদ্র স্নানে নেমেছিলেন। প্রবল ঢেউয়ের ধাক্কায় তিনিও ছিটকে পাড়ে এসে পড়েন এবং আহত হন। তাঁকেও উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দিঘা থানার ওসি অমিত প্রামাণিক এই বিষয়ে জানান, বাংলা নববর্ষের আগে টানা ছুটির কারণে দিঘায় পর্যটকদের ভিড় বেড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৈকতের বিভিন্ন ঘাটে সিভিক ভলান্টিয়ার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও, প্রচুর সংখ্যক নুলিয়াও ঘাটে ঘাটে নজরদারি চালাচ্ছেন। তবে এত সতর্কতার পরেও এই ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক।