কী কারণে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ হবে?-জানালেন ভারতীয় জ্যোতিষী

বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনা যেন থামছেই না। গত বছর বিবাহবিচ্ছেদের গুঞ্জন গোটা বলিউড পাড়ায় ছড়িয়ে পড়ার পর, ফের এই তারকা জুটির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এক জ্যোতিষী।
জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনা সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্যারট কার্ডের মাধ্যমে অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করেছেন। তিনি জানিয়েছেন, এই তারকা দম্পতিকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
গীতাঞ্জলি বলেন, “আমি বলব যে সেপ্টেম্বর পর্যন্ত তাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে।” শুধু তাই নয়, তাদের দাম্পত্য কলহের সম্ভাব্য কারণও উল্লেখ করেছেন এই জ্যোতিষী। গীতাঞ্জলির মতে, “এখানে অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুজনের মধ্যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ ট্যারট কার্ডে অর্থের বিষয়টিই বেশি করে উঠে এসেছে।”
এছাড়াও, গীতাঞ্জলি আরও যোগ করেন, “তারা অর্থ নিয়ে খুশি নন। পাশাপাশি, তাদের চারপাশে অনেক বিধিনিষেধও রয়েছে।”
যদিও অভিষেক বচ্চন বা ঐশ্বরিয়া রাই বচ্চন কেউই তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে এই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ফের একবার বি-টাউনে জল্পনা উস্কে দিল। দীর্ঘ সময় ধরে চলা এই গুঞ্জন আদৌ সত্যি হয় কিনা, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষীর এই মন্তব্য নিশ্চিতভাবেই বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে অস্বস্তি বাড়াতে পারে।