SPORTS: কোহলির ‘সেঞ্চুরি’, আইপিএলে নয়া রেকর্ড ভারতীয় ব্যাটারের, উচ্ছসিত ফ্যানেরা

আইপিএলের ইতিহাসে রানের পাহাড় গড়েছেন বহু আগেই। বিরাট কোহলির নামের পাশে ‘রেকর্ড’ শব্দটি যেন সমার্থক। আইপিএলের ১৮তম আসরেও সেই ধারা অব্যাহত রেখেছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে ক্রিকেট বিশ্বে এক বিরল নজির গড়লেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্পর্শ করলেন এক বিশেষ ‘সেঞ্চুরি’।

জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো করেন বেঙ্গালুরুর ইংলিশ ওপেনার ফিল সল্ট। মাত্র ৩৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। তবে বিরাট কোহলি এদিন খেলেন কিছুটা ঠান্ডা মাথায়। ১২০-এর ওপর স্ট্রাইক রেট বজায় রেখে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে যান তিনি।

৩৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করার সঙ্গেই কোহলির নাম উঠে গেল ক্রিকেট ইতিহাসের সোনালী পাতায়। এই ইনিংসের মাধ্যমেই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০টি ফিফটি করার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন কেবল অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ফিফটি:

ডেভিড ওয়ার্নার – ১০৮
বিরাট কোহলি – ১০০
বাবর আজম – ৯০
ক্রিস গেইল – ৮৮
তবে শুধু টি-টোয়েন্টিতেই নয়, আইপিএলের মঞ্চেও ওয়ার্নারের সঙ্গে এক বিশেষ রেকর্ডে ভাগ বসালেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বাধিক ৫০+ ইনিংস এখন কোহলির দখলে। আজকের ইনিংসটি ধরলে আইপিএলে কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা দাঁড়াল ৬৬টি, যা ডেভিড ওয়ার্নারের সমান। এর মধ্যে কোহলি ৫৪টি অর্ধশতরান এবং ৮টি শতরান করেছেন।

আইপিএলে সর্বাধিক ৫০+ ইনিংস:

ডেভিড ওয়ার্নার – ৬৬
বিরাট কোহলি – ৬৬
শিখর ধাওয়ান – ৫৩
রোহিত শর্মা – ৪৫

এদিন বিরাট কোহলি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬২ রানে। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ৬টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়ে বেঙ্গালুরু বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।