প্রাণে বাঁচল বলির পাঁঠা! মন্দিরে যাওয়ার পথে নদীতে পড়ল গাড়ি, প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

মনের বাসনা পূরণ হলে ভগবানের কাছে পাঁঠা বলি দেওয়ার মানত ছিল। সেই মতো এক পরিবার ছাগল নিয়ে মন্দিরের দিকে রওনা হয়েছিল। কিন্তু পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের জবলপুরের চারগাঁও এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে গেলে একই পরিবারের ৬ জন প্রাণ হারান। তবে আশ্চর্যজনকভাবে অক্ষত রয়েছে সেই বলির পাঁঠাটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরসিংহপুরের দুলহা দেব মহারাজ মন্দিরে পুজো দিতে যাচ্ছিল পরিবারটি। একটি স্করপিও গাড়িতে চেপে ৬ জন যাত্রী এবং একটি ছাগল রওনা হয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোমবতী নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। কিন্তু গাড়িটি এমনভাবে জলের নীচে চলে গিয়েছিল যে তার দরজা খোলা যাচ্ছিল না। পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে গাড়ির দরজা ভেঙে দু’জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি, হাসপাতালেই তাঁদের মৃত্যু হয়।

তবে এই ভয়াবহ দুর্ঘটনার মাঝেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে গাড়িটিতে থাকা ছাগলটিকে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়ির চালক সহ বাকি যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও গাড়িতে বেশ কিছু রান্নার সামগ্রীও পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যাত্রীদের সম্ভবত পথেই কোথাও ছাগলটিকে কেটে রান্না করে খাওয়ার পরিকল্পনা ছিল।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানতের ছাগল অক্ষত থাকলেও, পরিবারের সকল সদস্যের মৃত্যুতে গভীর শোকাহত স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি পাঠানো হয়েছে।