‘পুলিশের সঙ্গে শান্তিরক্ষায় কাজ করব’ : বিএসএফ কর্তা, রণক্ষেত্র মুর্শিদাবাদ, কড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের !

মুর্শিদাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ক্রমশ হিংসাত্মক রূপ নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আদালতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, এ ধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। শান্তিরক্ষায় কেন্দ্রীয় বাহিনীকে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে, রাজ্যের অন্য কোনও অংশেও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট।
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চ মন্তব্য করেছে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। আদালতের প্রধান লক্ষ্য এখন এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা।
প্রসঙ্গত উল্লেখ্য, ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি ও ধুলিয়ান কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। এরই মধ্যে সুতির সাজুর মোড়ে গন্ডগোলের মধ্যে পড়ে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে কলকাতায় রেফার করা হয়েছে। এদিন ধুলিয়ানে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স এবং পুলিশ কিয়স্ক পর্যন্ত ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছিল। হাইকোর্টের এই নির্দেশ সেই দাবিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এখন দেখার, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর মুর্শিদাবাদের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় শান্তি ফিরে আসে কিনা। আদালতের কড়া নজরদারি বজায় থাকবে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেই আশা করা যাচ্ছে।