100 দিনের কাজ থেকে শুরু করে চাকরি বাতিল, সবেতেই BJP-র ষড়যন্ত্র দেখছেন অভিষেক !

১০০ দিনের কাজ থেকে শুরু করে চাকরি বাতিল – রাজ্যের বিভিন্ন সমস্যায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ষড়যন্ত্র দেখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার খড়দায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়ে তিনি রাজ্যবাসীকে শান্ত থাকার বার্তা দেন।

সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের পর থেকেই আন্দোলনে নেমেছেন চাকরি হারানো বহু মানুষ। তাঁদের মধ্যে একাংশ যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারানোর জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন। শীর্ষ আদালতের রায়, মুখ্যমন্ত্রীর আশ্বাস, বিরোধীদের আক্রমণ এবং ডিআই অফিস অভিযান – এত কিছুর পরেও এই বিষয়ে এতদিন নীরব ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অবশেষে শনিবার খড়দহে মুখ খোলেন তিনি। রাজ্যের মানুষকে বিভিন্ন ক্ষেত্রে ‘পদে পদে হেনস্থা’ করার জন্য বিজেপি-কেই দায়ী করেন অভিষেক। ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে চাকরি হারানো – প্রতিটি ক্ষেত্রেই তিনি একই যোগসূত্র দেখতে পাচ্ছেন। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন যে, তাঁরা আদালতকে সম্মান করেন। তবে বৃহৎ সংখ্যক মানুষের স্বার্থ যেখানে জড়িত, সেই অবস্থায় তিনি রায়ের সমালোচনা করছেন।

এদিন অভিষেক বলেন, “যখন উন্নয়নের পথে আমাদের পরাস্ত করতে পারছে না, তখন ধর্মের নামে সমাজকে ভাগ করে বাংলাকে অস্থির করার চক্রান্ত করছে কেউ কেউ। আমি সকলকে অনুরোধ করব, শান্তি বজায় রাখুন, বাংলার ঐতিহ্য, সৌহার্দ্য ও সংহতি রক্ষা করুন। আমাদের সকলকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “কেউ চায় বাংলায় আগুন জ্বলুক, কেউ চায় রাজ্যের অর্থ আটকে মানুষকে অনাহারে মরতে দেওয়া হোক। কিন্তু যতদিন আমাদের সরকার রয়েছে, ততদিন কেউ বাংলার একজন মানুষকেও প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারবে না। আগেও কেন্দ্র নানা অজুহাতে টাকা আটকে রেখেছে, কিন্তু আমরা লড়ে মানুষকে টাকা পাইয়ে দিয়েছি।”

চাকরি বাতিল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিচারব্যবস্থাকে শ্রদ্ধা করি এবং বিশ্বাস করি তা পক্ষপাতহীন। তবে কোনও রায় যদি কারও পছন্দ না-হয়, তা নিয়ে মত প্রকাশ করার অধিকার সংবিধান দেয়। আমি মনে করি, এই রায় বিজেপির বাংলা-বিরোধী মানসিকতার প্রতিফলন। কয়েকজনের ভুলের দায়ে ৫৯ লক্ষ কাজের কার্ডধারীর টাকা আটকে দেওয়া, অথবা অভিযোগ পেলে পদক্ষেপ করা সত্ত্বেও আবাস যোজনার মতো প্রকল্প বন্ধ করে দেওয়া, এসব একতরফা বঞ্চনা ছাড়া কিছু নয়।”

তাঁর স্পষ্ট বক্তব্য, “যদি ধরেও নেওয়া যায় যে, কয়েক হাজার চাকরিপ্রার্থীর মধ্যে কিছু অনিয়ম হয়েছে, তাহলে তার জন্য ১৭ হাজার প্রকৃত প্রাপকের চাকরি কেড়ে নেওয়া ন্যায়সঙ্গত নয়। যাঁরা প্রকৃত দোষী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু সমস্ত প্রার্থীকে একজোট করে শাস্তি দেওয়া কখনওই গ্রহণযোগ্য নয়।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে পরিষ্কার যে, শাসকদল আদালতের রায়কে সম্মান জানালেও, বৃহৎ সংখ্যক নির্দোষ মানুষের উপর এই শাস্তির প্রভাব নিয়েই তাঁদের প্রধান আপত্তি।