বনগাঁর জনবহুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড! ভস্মীভূত ৯টি দোকান, দমকলের তিনটি ইঞ্জিনও পারলো না নেভাতে

পয়লা বৈশাখের আগে বনগাঁর জনবহুল বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ৯টি দোকান। রবিবার ভোররাতে থানার বাটা মোড় এলাকায় টাউন কালীবাড়ির কাছে যশোর রোডের ধারে অবস্থিত অস্থায়ী দোকানগুলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের তিনটি ইঞ্জিন এবং পুরসভার জলের গাড়ি দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৩টে নাগাদ প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত দমকল, পুরসভা এবং থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে বনগাঁ দমকল বাহিনী।
দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সাহায্যার্থে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ পুরসভার দুটি জলের গাড়ি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোবরডাঙ্গা থেকেও দমকলের একটি ইঞ্জিন আনা হয়। লাগাতার চেষ্টার পর এদিন সকাল ৬টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ব্যাগ, শাঁখা, কসমেটিক্স, জুতো সহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া এবং বনগাঁ থানার আইসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
পুরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকবে পুরসভা এবং সম্ভাব্য সবরকম সাহায্য করা হবে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
পয়লা বৈশাখের ঠিক আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদাররা চরম অসহায়তার মধ্যে পড়েছেন। তাঁদের রুজিরুটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ায় আগামী দিনে কিভাবে জীবন চলবে, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় তাঁরা। স্থানীয় প্রশাসন ও পুরসভা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।