পয়লা বৈশাখের আগে ফের ধাক্কা! অগ্নিমূল্য হল সোনা, এই দেশে লাখ টাকা ছাড়াল এক ভরি হলুদ ধাতু

পয়লা বৈশাখের আগে সাধারণ মানুষের জন্য ফের এল খারাপ খবর। আবারও অগ্নিমূল্য হল সোনা। শনিবার কলকাতায় পাকা সোনার দাম আরও বাড়ল।
গত কয়েক মাস ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বিভিন্ন দেশের মধ্যে শুল্ক যুদ্ধ চলতে থাকলে সোনার দামে এখনই রাশ টানা কঠিন।
শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে আজকের দর দাঁড়িয়েছে ৯৪,৫৫০ টাকা।
জিএসটি সহ এই দাম বেড়ে হয়েছে ৯৭,৩৮৬.৫ টাকা। একইসঙ্গে গয়না সোনার দামও বেড়ে ৮৯,৮৫০ টাকায় পৌঁছেছে। কর সহ এর দাম দাঁড়িয়েছে ৯২,৫৪৫.৫ টাকা। এই দামবৃদ্ধি উভয় ক্ষেত্রেই একটি নতুন রেকর্ড তৈরি করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত শুল্ক যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সোনাকে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে দেখছেন অনেকে। ফলে সোনার চাহিদা বেড়েছে এবং দামও ঊর্ধ্বমুখী হয়েছে।
সোনা শিল্পের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর মতে, আমেরিকা যে হীরা ও সোনার গয়না আমদানি করে, তার একটি বড় অংশ আসে চীন থেকে। ভারত থেকে মাত্র ৩% আমদানি হয়। আমেরিকা যদি চিনা পণ্যের উপর শুল্ক আরও বাড়ায়, তবে চিনা গয়নার দাম বাড়বে এবং সরবরাহ কমবে। সেক্ষেত্রে, যদি আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তি হয়, তবে সেই শূন্যস্থান পূরণের একটি সুযোগ তৈরি হতে পারে।
অন্যদিকে, স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন, সোনার দাম বাড়ার কারণে ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে পুরনো সোনা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেকেই পুরনো সোনা বিক্রি করে বা বদলে নতুন গয়না কিনছেন।
শুধু ভারতেই নয়, প্রতিবেশী বাংলাদেশেও সোনার দাম ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে বাংলাদেশে সোনার দাম লক্ষ টাকা ছুঁয়েছে। ভরিতে ৪ হাজার ১৮৭ টাকা দাম বাড়ার ফলে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাংলাদেশের বাজারে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, যা সেখানকার ইতিহাসে সর্বোচ্চ।
স্বর্ণ ব্যবসায়ীদের অভিমত, যতক্ষণ না আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফেরে এবং শুল্ক যুদ্ধ শেষ হয়, ততক্ষণ সোনার দাম কমার সম্ভাবনা ক্ষীণ। বরং ধীরে ধীরে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। পয়লা বৈশাখের আগে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেটে আরও চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।