“ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে”, শুভেন্দুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মহিলা, মোথাবাড়িতে গিয়ে কী বললেন শুভেন্দু?

হাইকোর্টের সবুজ সংকেত পাওয়ার পর শুক্রবার মালদার মোথাবাড়িতে পৌঁছালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মোথাবাড়ির চারটি ভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন তিনি। শুভেন্দুকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে, তাঁদের আশ্বস্ত করেন বিরোধী দলনেতা।

কয়েকদিন আগে মোথাবাড়িতে ব্যাপক উত্তেজনা ও অশান্তি সৃষ্টি হয়, যেখানে বেশ কিছু দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর মোথাবাড়ির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান শুভেন্দু অধিকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দেন।

সেই নির্দেশ মেনেই এদিন মোথাবাড়িতে আসেন শুভেন্দু অধিকারী। তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। এক স্থানীয় দোকানদার বিরোধী দলনেতার কাছে ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন, তাঁকে সান্ত্বনা দেন শুভেন্দু। একইসঙ্গে তিনি স্থানীয়দের বলেন, কারও আস্থায় আঘাত লাগলে অবশ্যই থানায় অভিযোগ জানাতে পারেন। তবে, কোনও নিরীহ মানুষের উপর আক্রমণ সমর্থনযোগ্য নয়। পথচলতি সাধারণ মানুষের কাছেও তিনি এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং আইনের উপর ভরসা রাখার কথা বলেন। তিনি আশ্বাস দেন, সকলেই ন্যায়বিচার পাবেন।

মোথাবাড়িতে শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, “আমাদের ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে।” তাঁকে আশ্বস্ত করে বিরোধী দলনেতা বলেন, “মোট ৮৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের আপাতত ৫০ শতাংশ ক্ষতিপূরণ দেব। বাকি ক্ষতিপূরণের বিষয়টিও আমরা দেখছি। প্রায় ২০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আজ আমরা ৮-১০ লক্ষ টাকা সাহায্য করছি, বাকিটা পরে দেওয়া হবে।”

এলাকা পরিদর্শনের সময় অনেক স্থানীয় বাসিন্দা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। এলাকা ঘুরে দেখার পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মোথাবাড়ির মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এখানে প্রকৃত দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি। যে ২৩ জন হিন্দুকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা সম্পূর্ণ নির্দোষ। অন্য সম্প্রদায়ের যাদের গ্রেফতার করা হয়েছে, তারাও এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে অনেকে বলছেন।” তিনি মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকেও আক্রমণ করেন।