পুলিশ মানবিকও…! অসহায় বৃদ্ধার চোখের আলো ফেরালেন কান্দি থানার আইসি

ফের একবার মানবিক মুখ দেখালেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। খড়গ্রাম থানার বাসিন্দা জয়া দাসী রাজবংশী, যাঁর পরিবারে দেখার কেউ নেই। স্বামী মারা গিয়েছেন বহু বছর আগে। ছেলে, পুত্রবধূ, নাতি ও কন্যা থাকলেও কান্দি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে দুপুরের খাবার জোগাড় করেন তিনি। ফলে পরিবারে আপনজন না থাকার একটা গভীর আক্ষেপ ছিল তাঁর মনে। তার উপর, বয়সজনিত কারণে ক্রমশ দৃষ্টিশক্তি হারাচ্ছিলেন জয়া দাসী। এবার সেই অসহায় বৃদ্ধার চোখের অপারেশন করিয়ে দিলেন খোদ কান্দি থানার আইসি মৃণাল সিনহা।

ছানি একটি সাধারণ চোখের সমস্যা, যা সাধারণত বয়সের সঙ্গে সঙ্গেই দেখা দেয়। জয়া দাসী রাজবংশীও বেশ কিছুদিন ধরে চোখে ঝাপসা দেখছিলেন। পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় চোখের চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে। বিষয়টি জানতে পারেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। জানার পরেই তিনি নিজে উদ্যোগ নিয়ে জয়া দাসীকে চিকিৎসার জন্য নিয়ে যান এবং তাঁর চোখের অপারেশনের ব্যবস্থা করেন। প্রখ্যাত চক্ষু চিকিৎসক ডাঃ উত্তম রায় চৌধুরীর কাছে নিয়ে গিয়ে সফলভাবে অপারেশন করানো হয়। শুধু তাই নয়, অপারেশনের পর প্রয়োজনীয় ঔষধপত্র এবং ফল, হরলিক্সও দেওয়া হয় আইসির পক্ষ থেকে। আইসি মৃণাল সিনহার এই মানবিক মুখ দেখে আপ্লুত এলাকার সকলেই।

এক মাস আগেই কান্দি থানায় বসে পিতৃস্নেহে এক অসহায় কন্যার বিয়ে দিয়েছিলেন আইসি মৃণাল সিনহা। এবার এক বৃদ্ধার চোখের আলো ফিরিয়ে দিয়ে সাধারণ মানুষের অকুণ্ঠ প্রশংসা কুড়োলেন তিনি। জয়া দাসী রাজবংশী কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “আমার বাঁ চোখটা অপারেশন করিয়ে দিয়েছেন আইসি নিজে উদ্যোগ নিয়ে। আগামীদিনে ডান চোখটাও অপারেশন করিয়ে দেবেন বলেছেন। পরিবারের কেউ দেখে না। ভাবিনি আমার চোখটা আবার ফিরে পাব।”

বর্তমানে রাজ্যজুড়ে যখন পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন কান্দি থানার আইসির এই ব্যতিক্রমী মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। তাঁর এই কাজ সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি এক ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে বলেই মনে করছেন সকলে।