তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করার পরেই ভাইরাল মোদীর ১৪ বছরের পুরনো পোস্ট, কী লিখেছিলেন?

২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৪ বছর আগের একটি পোস্ট। প্রধানমন্ত্রী হওয়ার আগে, ২০১১ সালে করা সেই পোস্টে মোদী তাহাউর রানাকে নির্দোষ ঘোষণা করার জন্য তৎকালীন কংগ্রেস সরকারের বিদেশ নীতির তীব্র সমালোচনা করেছিলেন এবং ভারতের সার্বভৌমত্বকে অসম্মানিত করার অভিযোগ তুলেছিলেন।
তাহাউর রানাকে ভারতে সফলভাবে প্রত্যর্পণের পর নেটিজেনরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই তাঁর পুরনো পোস্টটি শেয়ার করে সেই সময়ের সরকারের দুর্বল বিদেশ নীতির কথা তুলে ধরছেন।
২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত তাহাউর রানাকে মুম্বই হামলার ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল। তবে, হামলার জন্য দায়ী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। সেই রায়ের পরই নরেন্দ্র মোদী, যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন না, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। তিনি লিখেছিলেন, মুম্বই হামলায় তাহাউর রানাকে নির্দোষ ঘোষণা করার মাধ্যমে ভারতের সার্বভৌমত্বকে অপমান করা হয়েছে। একইসঙ্গে তিনি এই ঘটনাকে ‘বিদেশ নীতির বড় বিপর্যয়’ বলেও উল্লেখ করেছিলেন।
বর্তমানে তাহাউর রানাকে ভারতে ফিরিয়ে আনার সাফল্যে প্রধানমন্ত্রীর সেই পুরনো পোস্টটি ফের ভাইরাল হয়েছে। বহু ব্যবহারকারী মোদীর কূটনৈতিক প্রজ্ঞা ও দৃঢ় পদক্ষেপের প্রশংসা করছেন। কেউ তাঁকে ‘ক্যাপ্টেন’ আখ্যা দিয়েছেন, আবার কেউ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘মোদী থাকলে সব সম্ভব।’
US declaring Tahawwur Rana innocent in Mumbai attack has disgraced the sovereignty of India & it is a “major foreign policy setback”
— Narendra Modi (@narendramodi) June 10, 2011
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি এক্স (টুইটার)-এ মোদীর দীর্ঘ প্রচেষ্টার কথা উল্লেখ করে লিখেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের সময় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষ বিমানে করে তাহাউর রানাকে দিল্লিতে আনা হয়। বর্তমানে তিনি ১৮ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানা আগে পাকিস্তান সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, যে হামলায় ১৬০ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই হামলার ষড়যন্ত্রে তাহাউর রানার জড়িত থাকার তথ্য প্রথম প্রকাশ্যে আনেন তার বাল্যবন্ধু এবং এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলি।