প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা! শোকের ছায়া রাজনৈতিক মহলে

দীর্ঘ রোগভোগের পর ৮২ বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। বার্ধক্যজনিত কারণেই তাঁর জীবনাবসান হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। ভাঙড়ের প্রাক্তন বাম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কলেজে পড়ার সময় থেকেই বামপন্থী ছাত্র আন্দোলনের প্রতি আকৃষ্ট হন আব্দুর রেজ্জাক মোল্লা। ধীরে ধীরে রাজনীতির মূল স্রোতে যুক্ত হন এবং রাজ্য সিপিএমের একজন প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
সম্পর্কিত খবর:
ভুয়ো ভোটার ইস্যু থেকে সরছে না তৃণমূল, জেলায় জেলায় চলছে বুথ লেবেল এজেন্টদের প্রশিক্ষণ
গ্যাসের দাম বাড়তেই পকেটে কোপ, রাজপথে উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের
জনপ্রিয় সিপিএম নেতা আব্দুর রেজ্জাক মোল্লা ১৯৮৭ সালে অবিভক্ত ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। টানা পাঁচ বছর তিনি ভাঙড়ের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বিধায়ক পদ হারানোর পরেও দীর্ঘকাল তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরবর্তীকালে দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে সিপিএম থেকে বহিষ্কার করা হয় বর্ষীয়ান এই নেতাকে। এরপর তিনি তৃণমূলে যোগদান করেন।
বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন রেজ্জাক মোল্লা এবং শয্যাশায়ী ছিলেন। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মিলনবাজারের কাছে বাঁকড়া গ্রামে তাঁর পৈত্রিক ভিটেতেই গত তিন-চার বছর ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে থাকলেও, শাসক বা বিরোধী কোনও শিবির থেকেই তেমন কোনও খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তবে, গত বছর অসুস্থ রেজ্জাকের বাড়িতে যান শওকত মোল্লা। এর আগেও একবার তিনি রেজ্জাকের বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।