ট্রাম্পের ট্যারিফ স্থগিত হতেই চাঙ্গা শেয়ার বাজার, এক লাফেই ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি ঘিরে গত কয়েকদিন ধরে বিশ্ব বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছিল ভারতীয় শেয়ার বাজারেও। তবে গতকাল ট্রাম্পের ৭৫টি দেশকে ট্যারিফ ছাড় দেওয়ার ঘোষণার পরই ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। আজ, শুক্রবার সকালে বাজার খুলতেই বড়সড় উল্লম্ফন দেখা গেল সেনসেক্স ও নিফটির সূচকে।
সকাল ৯টা ১৫ মিনিটে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ১০০০ পয়েন্টের বেশি বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছে যায় ৭৪,৯৪১.৫৩-তে। একই পথে হেঁটেছে নিফটিও। নিফটির সূচকও ৩৫৪.৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে স্পর্শ করে ২২,৭৫৪.০৫-এর স্তর।
এদিন সকাল থেকেই শেয়ার মার্কেটে ইতিবাচক ইঙ্গিত ছিল। বাজার খোলার আগে, সকাল ৮টা ২০ মিনিট নাগাদ গিফ্ট নিফটি ফিউচার ২২,৯৩৩.৫ সূচকে ট্রেড করছিল, যা বুধবার বাজার বন্ধ হওয়ার সময়ের সূচকের তুলনায় প্রায় ২.৫ শতাংশ বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ইতিবাচক প্রভাব আরও স্পষ্ট হয়। সকাল ১০টা নাগাদ সেনসেক্সের সূচক ১০৬১.২৬ পয়েন্ট বৃদ্ধি পায় এবং নিফটিও প্রায় সাড়ে তিনশো পয়েন্টের বেশি লাভ করে।
গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে মন্দা দেখা যাচ্ছিল। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ০.৫১ শতাংশ এবং নিফটি ১৩৬.৭০ পয়েন্ট কমে যথাক্রমে ৭৩,৮৮০.২৭ এবং ২২,৩৯৯.১৫-তে নেমে গিয়েছিল। এই পতনের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের নীতিকে, যা বিশ্ব বাজারে অনিশ্চয়তা তৈরি করেছিল।
তবে, গতকাল ট্রাম্পের ৭৫টি দেশকে আপাতত ৯০ দিনের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত রাখার ঘোষণাই যেন অক্সিজেন জোগাল শেয়ার বাজারকে। এই সিদ্ধান্তের পরই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরে এবং বাজার ফের চাঙ্গা হয়ে ওঠে।
অন্যদিকে, ভারতের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেও, এশিয়ার অন্যান্য বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্সে এদিন ৫.৬ শতাংশের বড় পতন হয়েছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ১.৬ শতাংশ কমেছে।
এদিকে, শেয়ার বাজারের অস্থিরতার মধ্যেই ভারতে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। আজ ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ৯১ হাজার ৫০০ টাকায়, যা সর্বকালের সর্বোচ্চ।