চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী! সমস্যা সমাধানে সভার পরেই বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠন

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে দীর্ঘ বার্তা দেন তিনি। সেই সভার পরেই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রী একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মুখ্যসচিবের নেতৃত্বে এই বিশেষ টাস্ক ফোর্স গঠিত হবে। এই টাস্ক ফোর্সে শিক্ষা সচিব, আইনজ্ঞ এবং শিক্ষকদের প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী চান আইনি পথে যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে যেন কোনও বিলম্ব না হয়। সমস্যা সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করার জন্য এই টাস্ক ফোর্স সার্বক্ষণিক নজরদারি চালাবে। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্ন শিক্ষকদের আইনি জটিলতা কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়ের ফলে ২৫ হাজারের বেশি শিক্ষক চাকরি হারিয়েছেন। এদের মধ্যে বহু যোগ্য শিক্ষকও রয়েছেন, যারা রাতারাতি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে।

গতকাল নেতাজি ইনডোরের সভায় মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষকদের আশ্বস্ত করে বলেন যে তাদের চাকরি যাবে না। তিনি কার্যত যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শও দেন। মুখ্যমন্ত্রী আইনি পথে এই সমস্যার সমাধানের জন্য বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই টাস্ক ফোর্স কত দ্রুততার সঙ্গে চাকরিহারা শিক্ষকদের সমস্যার সমাধান করতে পারে।