‘নীল বিদ্রোহের মতো হবে শিক্ষক বিদ্রোহ’! বিরাট হুঁশিয়ারি দিলেন কর্মহারা শিক্ষকরা

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ার পর চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। চাকরি হারানোর এই আবহে এবার ‘শিক্ষক বিদ্রোহে’র হুঁশিয়ারি দিলেন কর্মহারা শিক্ষকরা।
সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে দেখা করেন। সেই সভার আগে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে সমস্ত বাধা পেরিয়ে শিক্ষকরা একে একে সভাস্থলে প্রবেশ করেন। সেখানেই নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা।
তমলুকের এক চাকরিহারা শিক্ষক স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “যোগ্যরা সুবিচার পেল না। আপনার ব্যর্থতা, আপনার অযোগ্যতার জন্য এই পরিস্থিতি সৃষ্টি হল। যোগ্য ও অযোগ্যদের তালিকা আপনি তৈরি করতে পারেননি বলে আজ যোগ্যরা রাস্তায়। আজকেই শেষ। এমন শান্তিপূর্ণ আন্দোলন আর করব না। এরপর থেকে বিদ্রোহ হবে।”
ঐ শিক্ষক আরও হুঁশিয়ারি দেন, “কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহের মতো এবার শিক্ষক বিদ্রোহ হবে। আর আন্দোলন নয়, সব জায়গায় আগুন জ্বলবে।”
আরেকজন চাকরিহারা শিক্ষক হতাশা প্রকাশ করে বলেন, “যোগ্য-অযোগ্য আলাদা না করায় সুপ্রিম কোর্ট আমাদের তালিকা বাতিল করল। আমাদের বাড়িতে বউ-বাচ্চা রয়েছে, কী খাব! আমাদের ওপর ঋণের বোঝা রয়েছে। উচ্চপ্রাথমিকে চাকরি পেয়েছিলাম, তবে যাইনি। আমার বন্ধুবান্ধবরা সেখানে আছেন। একটা চাকরি ছেড়ে আমি এখানে এসেছি। এখন আমরা কী করব!”
অন্যদিকে, গতকাল নেতাজি ইনডোর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দেন। কোনওরকম ‘রঙ’ না দেখে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কাড়ার ক্ষমতা রয়েছে। তাঁদের ধিক্কার জানাই।” চাকরিহারাদের সামনে দাঁড়িয়ে তিনি আরও বলেন, “আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে।”
মুখ্যমন্ত্রীর এই আশ্বাস সত্ত্বেও চাকরিহারা শিক্ষকদের মধ্যে ক্ষোভ প্রশমিত হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁদের হুঁশিয়ারি ‘শিক্ষক বিদ্রোহে’র ইঙ্গিত দিচ্ছে, যা আগামী দিনে রাজ্য সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এখন দেখার বিষয়, সরকার এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়।