পারিবারিক বচসার জেরে মদ্যপ ছেলের হাতে খুন ‘বাবা’, হাড়হিম করা কাণ্ড ‘বান্দ্রায়’!

পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি। মুম্বইয়ের বান্দ্রা পূর্বের বাল্মিকি নগরে এক মদ্যপ ছেলে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল নিজের ৬৫ বছর বয়সী বাবাকে। মৃতের নাম রাজু মুঙ্গোদা। অভিযুক্ত ছেলের নাম নার্সিং মুঙ্গোদা। এই নৃশংস ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন নার্সিং এবং তার স্ত্রী বাড়িতে বসে মদ্যপান করছিল। সেই সময় কোনও একটি বিষয় নিয়ে নার্সিংয়ের সঙ্গে তার বাবা রাজু মুঙ্গোদার তীব্র বচসা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে নার্সিং রাগের মাথায় ছুরি দিয়ে তার বাবার বুকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ রাজু মুঙ্গোদা।

ঘটনার পর নার্সিংয়ের স্ত্রী তার ননদ প্রীতি দুলগাজকে ফোন করে গোটা বিষয়টি জানান। প্রীতি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করেন।

বাবাকে খুনের পর পালানোর চেষ্টা করে নার্সিং। কিন্তু স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, নার্সিং একটি বেসরকারি সংস্থায় হাউস কিপিংয়ের কাজ করত। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত নার্সিংকে কোর্টে তোলা হলে, আদালত তাকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ড স্তম্ভিত করেছে স্থানীয় বাসিন্দাদের। পুলিশ ঘটনার পেছনের সঠিক কারণ জানার জন্য আরও তদন্ত চালাচ্ছে।