মুম্বইয়ের পেস আক্রমণে সুখবর, আরসিবির বিরুদ্ধে ফিরছেন বুমরাহ

অবশেষে এবারের আইপিএলে (IPL 2025) মাঠে নামতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোট সারিয়ে তিনি বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন বলে খবর। ফিটনেস নিয়ে সন্তুষ্ট মুম্বই টিম ম্যানেজমেন্ট বুমরাকে মাঠে নামানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

বোল্টের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে বুমরাকে:

মুকেশ আম্বানির দলের ১৮ কোটি টাকার তারকা পেসার চলতি আইপিএলে মুম্বইয়ের প্রথম চারটি ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি। এবার বিরাট কোহলিদের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে বুমরাকে। বুমরার অনুপস্থিতিতে সুযোগ পাওয়া তরুণ পেসার অশ্বিনী কুমার বেশ ভালো বোলিং করেছেন। অভিষেক আইপিএল ম্যাচে নাইটদের বিরুদ্ধে ২৪ রানে চার উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। মুম্বইয়ের পেস আক্রমণে দীপক চাহারের সঙ্গে এবার বুমরা যোগ দেওয়ায় দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। হার্দিক পান্ডিয়া গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটের দুরন্ত স্পেল করেছিলেন। বুমরার অন্তর্ভুক্তি মুম্বইয়ের পেস আক্রমণকে আরও ঈর্ষণীয় করে তুলবে।

গত আইপিএলে বুমরার আগুন:

আইপিএলের গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স দলগতভাবে ভালো না খেললেও, বুমরা ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন। তিনি আরসিবির বিরুদ্ধে ২১ রানে ৫ উইকেট সহ মোট ২০টি উইকেট নিয়েছিলেন।

সোমবার আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের সম্ভাব্য একাদশ হতে পারে: উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা, অশ্বিনী কুমার, দীপক চাহার/ভিগনেশ পুথুর।

বুমরার প্রত্যাবর্তনের খবরে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে স্বস্তি ফিরেছে এবং দলের সমর্থকরাও তাঁকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।