বাঙালির কাশীধাম যাত্রা হবে আরও সহজ, মাত্র ২ ঘণ্টায় হাওড়া থেকে বেনারস!

দেশের রেল ব্যবস্থায় আরও এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। ইতিমধ্যেই বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে সাফল্যের সঙ্গে চলাচল করছে। এর পাশাপাশি মুম্বই-আমেদাবাদ রুটে বুলেট ট্রেন চালানোর কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এবার শোনা যাচ্ছে, আরও একটি গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এই প্রস্তাবিত রুটটি চালু হলে পশ্চিমবঙ্গ তথা বাঙালির জন্য কাশীধাম (বেনারস) যাত্রা অনেক সহজ ও সময়সাশ্রয়ী হয়ে উঠবে। মাত্র ২ ঘণ্টায় হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে বেনারসে!
জানা গিয়েছে, এই প্রস্তাবিত বুলেট ট্রেন রুটটি প্রায় ৭৬০ কিলোমিটার দীর্ঘ হবে এবং এটি দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরের উপর দিয়ে যাবে। এই রুটের মধ্যে উল্লেখযোগ্য শহরগুলি হল বক্সার, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান। প্রকল্পের তথ্য অনুযায়ী, বিহারের মধ্যে প্রায় ২৬০ কিলোমিটার ট্র্যাক মাটির উপর দিয়ে তৈরি করা হবে।
বর্তমানে এই প্রোজেক্টটি ডিটেলড প্রোজেক্ট রিপোর্টের (DPR) পর্যায়ে রয়েছে। রেল কর্তৃপক্ষ এই লাইন পাতার জন্য প্রয়োজনীয় জমি এবং রুটের চূড়ান্ত রূপরেখা নির্ধারণের কাজ করছে। এই রুটটি তৈরি হলে বেনারস ও হাওড়ার মধ্যে যোগাযোগের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
প্রস্তাবিত বেনারস-হাওড়া বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হতে চলেছে ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই গতিতে ৭৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগার কথা ২ ঘণ্টার সামান্য বেশি। যদিও কিছু রিপোর্টে এই দূরত্ব অতিক্রম করতে সাড়ে ৩ ঘণ্টার মতো সময় লাগতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এই রুটের একটি বড় অংশ ব্রিজ তৈরি করে তার উপর দিয়ে যাবে। জানা গিয়েছে, বক্সার, পাটনা, গয়া, আসানসোল, ধানবাদ, দুর্গাপুর ও হাওড়ার স্টেশনগুলি মাটি থেকে উঁচুতে নির্মাণ করা হবে। রিপোর্ট অনুযায়ী, বিহারে এই রুটের জন্য সার্ভের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষের সবুজ সংকেত পেলেই নাকি কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে। এই বুলেট ট্রেন চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।