নিউটাউনে লকেট চট্টোপাধ্যায়ের রামনবমীর মিছিল আটকালো পুলিশ, তীব্র বাদানুবাদ

আজ দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। এই বিশেষ দিনে রাজ্যজুড়ে সকাল থেকেই বের হয়েছে রামনবমীর মিছিল। নিউটাউনে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি বাইক র‍্যালি সহ রামনবমীর মিছিল শুরু হতেই পুলিশের বাধার মুখে পড়ে।

সূত্রের খবর, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন শোভাযাত্রাটি কেষ্টপুরে প্রবেশ করা মাত্রই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং অন্যান্য কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র বচসা বাঁধে।

আরও পড়ুন: রামনবমী ২০২৫ তিথি আর কতক্ষণ থাকছে? ২০২৬ সালে কবে রয়েছে এই উৎসব!

এদিন লকেট চট্টোপাধ্যায় নিউ টাউনের হনুমান মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রা শুরু করেন। প্রথমে একটি বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। অভিযোগ, সেই শোভাযাত্রা কেষ্টপুরে পৌঁছালে পুলিশ তাদের পথ আটকায়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, মিছিলের জন্য নির্দিষ্ট রুট থাকা সত্ত্বেও অন্য পথে যাচ্ছিল, সেই কারণেই তাদের আটকানো হয়েছে।

পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিলের অংশগ্রহণকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় এবং ধস্তাধস্তি শুরু হয়। লকেট চট্টোপাধ্যায় নিজেও পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং পুলিশকে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। পুলিশ মিছিলটিকে ঘুরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

তবে, পরবর্তীতে লকেট চট্টোপাধ্যায় মিছিলের রুট পরিবর্তন করেন। এই ঘটনা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের রাস্তা আটকানো হয়েছে। একটা রাস্তা আটকালে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। পুলিশের কাছে রাস্তা আটকানোর কোনও নির্দেশিকা নেই। কোনও কাগজ নেই।’

লকেট আরও বলেন, ‘এটা একটি ধর্মীয় অনুষ্ঠান, কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। তাই ধর্মীয় উৎসবে আটকানোর কোনও অধিকার নেই পুলিশের। আসলে তৃণমূল সরকার ভয় পাচ্ছে। তারা একটা সম্প্রদায়কে আটকাচ্ছে না। অথচ দেশজুড়ে রামনবমী পালন হচ্ছে। তা সত্ত্বেও আটকানোর কারণ কী?’ এই নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রামনবমীকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আগে থেকেই উত্তাপ ছিল। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির প্রথম সারির নেতারা রামনবমীর মিছিলে অংশ নেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, শমীক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বকে রামনবমীর মিছিলে দেখা যায়। শুধু বিজেপি নয়, বেশ কিছু এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারাও রামনবমীর মিছিল করেন। নিউটাউনের এই ঘটনা ফের একবার রামনবমীর আবহে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করল।