রেলের ১৮ হাজার কোটির চারটি উন্নয়ন প্রকল্প, উপকৃত হবে বাংলাও

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার রেলের ১৮ হাজার কোটি টাকার চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। এই প্রকল্পের আওতায় মহারাষ্ট্র, ওড়িশা এবং ছত্তীসগঢ়ে মাল্টি ট্র্যাক তৈরির কাজ শুরু করবে রেলমন্ত্রক। এই কাজের জন্য ইতিমধ্যেই ১৮ হাজার ৬৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রতীকী ছবি
Image Credit source: PTI

এই ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে আশা জেগেছে, সোমবার দালাল স্ট্রিটে রেলের শেয়ারগুলিতে নতুন করে গতি দেখা যেতে পারে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই চারটি প্রকল্পের মাধ্যমে দেশের মোট ১ হাজার ২৪৭ কিলোমিটার রেলপথে মাল্টি-ট্র্যাক তৈরি করা হবে। এর ফলে ওড়িশা-সহ বাংলার কিছু গুরুত্বপূর্ণ রেল রুট, যেমন পারাদ্বীপ, সম্বলপুর এবং হাওড়া-মুম্বই রুটে যানজট কমবে এবং উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন হবে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই প্রকল্পগুলির হাত ধরে প্রায় তিন কোটি অতিরিক্ত কর্মসংস্থানও তৈরি হবে।

এই চারটি প্রকল্পের বিষয়ে মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, ‘আরও ট্র্যাক তৈরি ও উন্নয়নের মাধ্যমে ট্রেনগুলির গতি আগের তুলনায় অনেক বাড়বে। সেই সঙ্গে দক্ষতা বৃদ্ধি পাবে এবং যানজটও কমবে।’

উল্লেখ্য, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কাঘাতে’ ভারতীয় শেয়ার বাজারে কিছুটা মন্দা দেখা দিয়েছে। একাধিক সরকারি স্টকের দরও কমেছে। এমন পরিস্থিতিতে রেলের এই বিপুল বিনিয়োগ কি শেয়ার বাজারে নতুন করে অক্সিজেন যোগাতে পারবে? বর্তমানে রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) শেয়ার প্রতি দর ৩৫১ টাকা। নতুন বিনিয়োগের হাত ধরে সোমবার কি এই শেয়ারের দরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে বিনিয়োগকারীদের মধ্যে। অনেকের মতে, এই ইতিবাচক পদক্ষেপ রেলের শেয়ারগুলিতে নতুন করে আগ্রহ সৃষ্টি করতে পারে এবং বাজারের অস্থিরতা কিছুটা হলেও কমিয়ে আনতে সহায়ক হতে পারে।