১৫ বছরের মৈত্রী, অসংখ্য স্মৃতি: রোহিতের বিরুদ্ধে নামার আগে বন্ধুত্বের বার্তা দিলেন কোহলি

তাঁদের সম্পর্কের বয়স ১৫ বছর। মৈত্রী আর বন্ধুত্বের নিবিড় বাঁধনে বাঁধা দুজন। ঘরোয়া ক্রিকেটের আঙিনায় দুজনের পথ চলা শুরু। একজন দিল্লির হয়ে ব্যাট হাতে ঝড় তুলতেন, অন্যজন মুম্বইয়ের জার্সিতে রানের পাহাড় গড়তেন।

এরপর দুজনেই পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে। সেখানেও তাঁরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ – রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাট এখনও তুলে না রাখলেও, নিঃসন্দেহে তাঁদের বর্ণময় কেরিয়ারের সায়াহ্নকাল উপস্থিত।

আরও পড়ুন:

IPL 2025: অবশেষে কামব্যাক! মুম্বই শিবিরে যোগ দিলেন বুমরাহ, আগামিকালই কি নামতে চলেছেন মাঠে?
IPL 2025: ‘লর্ড থাকতে চিন্তা কীসের?’ মাঠে না থেকেও গোয়েঙ্কার সঙ্গে রসিকতায় মাতলেন রোহিত
এই আবহে আগামীকাল মাঠে নামতে চলেছে ‘রো-কো’ জুটি। তবে একই দলের হয়ে নয়, একে অপরের বিরুদ্ধে। বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিকেট লিগে প্রতিপক্ষ হলেও জাতীয় দলের সতীর্থের উদ্দেশে বন্ধুত্বের উষ্ণ বার্তাই পাঠালেন বিরাট কোহলি। ফিরে দেখলেন দীর্ঘ ১৫ বছরের পথচলার স্মৃতি, ভাগ করে নিলেন একসঙ্গে যাত্রা শুরুর অভিজ্ঞতার কথা।

বিরাট কোহলি বলেন, ‘একজনের সঙ্গে দীর্ঘ সময় কাটালে একটা সম্পর্ক তৈরি হওয়া স্বাভাবিক। আমরা শুধু সতীর্থ নই, খেলার খুঁটিনাটি বিষয় পর্যন্ত একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখেছি এবং এভাবেই একই সময়ে নিজেদের কেরিয়ারে উন্নতি করেছি। এর জন্য একে অন্যের সঙ্গে প্রশ্ন ও কৌতূহল ভাগ করে নিতে হয়েছে।’

দুজনেই দীর্ঘ সময় টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকেও। কোহলি অধিনায়কত্ব ছাড়ার পরই সেই দায়িত্ব বর্তায় রোহিতের কাঁধে। সেই সময় এই নিয়ে বিতর্ক তৈরি হলেও বিরাট এই প্রসঙ্গে বলেন, ‘আমরা নেতৃত্ব নিয়ে খুব কাছ থেকে কাজ করেছি। বিভিন্ন ধরনের ধারণা একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছি। কিন্তু দিনের শেষে দলের ভালোর জন্য দু’জনকেই একই সিদ্ধান্তে পৌঁছতে হয়েছে। দলের জন্য কাজ করার ক্ষেত্রে আমাদের মধ্যে বিশ্বাসের অভাব কখনও ছিল না।’

পরস্পরের কেরিয়ারের উত্থান-পতন, বাইরের জগতের সম্পর্কের টানাপোড়েন কিংবা উত্তেজনা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বিরাট। লাগাতার উস্কে ওঠা বিতর্ককে তিনি কোনও গুরুত্ব দিতে নারাজ। বরং রোহিতের সঙ্গে গড়ে ওঠা এই বিশেষ বন্ধুত্বকেই তিনি উদযাপন করতে চান। বিরাট আরও বলেন, ‘আমরা একসঙ্গে খেলাটা খুব উপভোগ করেছি। যখন সবে খেলা শুরু করেছিলাম, তখন আমরা কেউই জানতাম না আমাদের কেরিয়ার ১৫ বছর পর্যন্ত বিস্তৃত হবে। এত দীর্ঘ ও ধারাবাহিক একটা যাত্রা, এত অসংখ্য মুহূর্ত এবং অগণিত স্মৃতি উপহার দেওয়ার জন্য আমি রোহিতের কাছে কৃতজ্ঞ।’