ফাঁকা বাড়ি পেয়ে ৬ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ‘কাকু’র, দেওয়া হলো ২০ বছরের সশ্রম কারাদণ্ড

মাত্র ৬ বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের অপরাধে দোষী সাব্যস্ত হলেন এক ভাড়াটিয়া ব্যক্তি। জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর বৃহস্পতিবার তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি নির্যাতিত শিশুকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন লিগাল এইড সার্ভিসকে।

সরকারি কৌঁসুলি দেবাশিস দত্ত জানান, ঘটনাটি ঘটে ২০২১ সালে ভক্তিনগর থানা এলাকায়। অভিযুক্ত ব্যক্তি এবং শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়ায় থাকতেন। শিশুটির বাবা-মা কর্মসূত্রে বাইরে গেলে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই ব্যক্তি শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় এবং নির্যাতন চালায়। এরপর শিশুটিকে চুপ থাকার জন্য ভয় দেখানো হয়।

কিছুদিন পর সাহস করে সব কিছু তার অভিভাবকদের জানায় ওই নাবালিকা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়।

এই মামলায় মোট ৯ জন সাক্ষ্য দেন। চিকিৎসকদের রিপোর্ট ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এরপরই তিনি ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। সেইসঙ্গে নির্যাতিতার পুনর্বাসনের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন আদালত।

এই রায়ের মাধ্যমে আদালত সমাজে কড়া বার্তা দিল—শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে আইন কঠোর এবং অপরাধী যে-ই হোক, শাস্তি অনিবার্য। এই রায় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রইল।