ক্রিকেট-ফুটবলের পর এবার টেবিল টেনিস খেললেন ‘অনুব্রত মণ্ডল’, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর দাদাও !

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে এবার দেখা গেল টেবিল টেনিসের কোর্টে। শুক্রবার বোলপুর সাইতে পশ্চিমবঙ্গ আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের সঙ্গে টেবিল টেনিস খেলে প্রতিযোগিতার সূচনা করেন তিনি। এর আগে বহুবার বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে ব্যাট হাতে ক্রিকেট খেলতে বা ফুটবলে কিক মারতে দেখা গিয়েছে।
বোলপুর ডাকবাংলো মাঠে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে এই সারা বাংলা আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ৮ই মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১১ থেকে শুরু করে অনূর্ধ্ব ১৮ এবং পুরুষ ও মহিলা বিভাগে মোট ১২০০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে প্রায় এক হাজার প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন।
শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সভাপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী প্রমুখ।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “মায়েদের বলব ছেলেদের হাতে মোবাইল দেবেন না। খেলার মাঠে পাঠান। মোবাইল খুব বাজে জিনিস। মুখ্যমন্ত্রী খেলাধুলোর জন্য আটশো কোটি টাকা বরাদ্দ করেছেন। খেলাধুলা খুব জরুরি।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবল দলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “এআইএফএফ-তে কিছু ডামাডোল চলছে। যা নিয়ে মামলা চলছে, তাই কিছু বলব না। আমাদের ভালো স্ট্রাইকার নেই। তাই অবসর নেওয়ার পরেও সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনতে হল। আইএসএল-এর যেমন একটা ভালো দিক আছে, তেমন খারাপ দিকও আছে। বাইরের খেলোয়াড়রা টপার, স্ট্রাইকার, গোলকিপারের জায়গা নিয়ে নিচ্ছে। আমাদের ভারতীয়রা ব্যাকে খেলছে। নতুন খেলোয়াড় তৈরি করতে সমস্যা হচ্ছে। আমাদের ভালো শিক্ষক নেই, এটা একটা ড্রব্যাক।”
রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই প্রতিযোগিতা প্রসঙ্গে বলেন, “আট মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ১২০০ ম্যাচ হবে, রাজ্যের সব জেলা থেকে ১০০০ জন খেলোয়াড় এসেছেন।” এই আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ রাজ্যের তরুণ টেবিল টেনিস খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।