শিক্ষকের চাকরি যাওয়ায় বন্ধ ক্লাসরুম! পঠন-পাঠন নিয়ে গভীর অনিশ্চয়তা, গ্রুপ ডি কর্মীরও হাহাকার

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের স্কুলগুলিতে। কোথাও একসঙ্গে ৩৬ জন, আবার কোথাও ১১ জন শিক্ষকের চাকরি যাওয়ায় পঠন-পাঠন নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুধু শিক্ষক নয়, বহু স্কুলে সংশ্লিষ্ট বিষয়ে থাকা একমাত্র শিক্ষকের চাকরিও বাতিল হয়েছে। ফলে, সেই বিষয়ে পঠনপাঠন কার্যত বন্ধ হওয়ার উপক্রম। একইসঙ্গে বহু স্কুলে গ্রুপ ডি কর্মীরও চাকরি চলে যাওয়ায় ঘণ্টা বাজানো থেকে শুরু করে অন্যান্য দৈনন্দিন কাজকর্ম কে করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ।
ঝাড়গ্রামের ননীবালা বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণিতে অঙ্ক বিভাগে পড়াতেন মাত্র একজন শিক্ষক, তিনিও চাকরি হারিয়েছেন। একই চিত্র দেখা গেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ব্যানার্জিডাঙা হাইস্কুলে। বীরভূমের ইলামবাজারের সাহাপুর হাইস্কুল এবং দুর্গাপুরের বেনাচিতি হাইস্কুলে কোনও গ্রুপ ডি কর্মী আর অবশিষ্ট নেই।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “যেহেতু সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা শুরু হয়েছে, তাই চাকরি বাতিল হওয়া অনেক শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে পাঠক্রম শেষ করা নিয়ে পর্ষদের দুশ্চিন্তা বাড়ছে।” তিনি আরও জানান, বৃহস্পতিবার বহু স্কুলে পরীক্ষা চলছিল এবং সেই সময় গার্ডের ডিউটিতে থাকা অনেক শিক্ষক-শিক্ষিকা ফোনে তাদের চাকরি হারানোর খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন এবং স্কুল ছেড়ে চলে যান।
এক একটি স্কুল থেকে একসঙ্গে এত সংখ্যক শিক্ষকের চাকরি যাওয়ায় আপাতত চরম সমস্যার মুখে পড়তে হবে রাজ্যের বহু স্কুলকে। এরপর কত দিনের মধ্যে ফের পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এক বড়সড় চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে।