“কোনও বাঘ তাঁর সন্তানকে এভাবে খেতে পারে না” অবিলম্বে পদত্যাগ করুন! SSC-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি বিজেপির

অক্সফোর্ডে দাঁড়িয়ে নিজেকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপি সাংসদ সম্বিত পাত্র তীব্র আক্রমণ শানালেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, “কোনও বাঘ তাঁর সন্তানকে এভাবে খেতে পারে না।” একইসঙ্গে নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি। চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর বেতন অবিলম্বে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিলের যে যুগান্তকারী নির্দেশ দিয়েছে, তা যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে না পারার ফল। এই নির্দেশের জেরে রাতারাতি চাকরি হারিয়েছেন বহু শিক্ষক-শিক্ষিকা, কান্নায় ভেঙে পড়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ শানাল বিজেপি।
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে এদিন আক্রমণ শানান সম্বিত পাত্র। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আজ যা হচ্ছে, তা গোটা বিশ্বের মানুষ দেখছে। এখানকার দুর্নীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দাদাগিরি’ও দেখছে।” সম্প্রতি মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার ইচ্ছাপ্রকাশের প্রসঙ্গ টেনে এনে তিনি আরও বলেন, “কয়েক দিন আগেই অক্সফোর্ডে গিয়ে দিদি নিজেকে ‘বাঘিনী’ বলে দাবি করেছিলেন। কিন্তু দুর্নীতিতে জড়িত এমন বাঘ কি কেউ দেখেছেন? এমনকি কোনও ‘বাঘিনী’ তাঁর শাবকদের হত্যা করবে না।” বিজেপি সাংসদের স্পষ্ট কথা, একজন সত্যিকারের নেতা কখনও তাঁর জনগণের জীবনকে নরকে পরিণত করতে পারেন না। তাই অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। পাশাপাশি, চাকরি হারানো সমস্ত শিক্ষক-শিক্ষকদের বেতন সরকারকেই দিতে হবে বলে তিনি জোরের সঙ্গে জানান।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুপ্রিম কোর্টের রায়কে উদ্ধৃত করে বলেন, এই রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের স্বরূপ স্পষ্ট হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, রাজ্যে মেধা ও শিক্ষা টাকার কাছে বিকিয়ে যাচ্ছে। বাংলার শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের কিনারে।
এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে চাকরি হারানো শিক্ষকদের হাহাকার, অন্যদিকে বিজেপির লাগাতার আক্রমণ – সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।