বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জলের হাহাকার, খাবার জল কতটা পানের যোগ্য? উঠছে প্রশ্ন!

বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালের বাইরে থাকা একাধিক ট্যাপকল হয় ভেঙে গিয়েছে, না হয় বিকল হয়ে পড়ে রয়েছে। শুধু বাইরের চিত্রই নয়, বিল্ডিংয়ের বিভিন্ন তলাতেও একই অবস্থা। পানীয় জলের ট্যাপকল বিকল অথবা ভাঙা থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা।

অন্যদিকে, হাসপাতালের সরবরাহ করা পানীয় জলের গুণমান নিয়েও বিস্তর অভিযোগ উঠেছে। দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে বোতলজাত পানীয় জল কিনতে হচ্ছে। এই কারণে প্রতিদিনই রোগী ও তাদের আত্মীয়দের বাড়তি খরচ বহন করতে হচ্ছে এবং পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রোগীর আত্মীয়রা অবিলম্বে জলের ট্যাপগুলি মেরামত করার এবং পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। গ্রীষ্মকালে জলের চাহিদা যখন সবচেয়ে বেশি থাকে, তখন এই ধরনের সমস্যা অত্যন্ত অমানবিক বলে মনে করছেন তারা। হাসপাতাল সুপার জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

শুধু বালুরঘাট জেলা হাসপাতালেই নয়, একই চিত্র দেখা গেছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও। সেখানেও পরিশ্রুত পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও, সেই জল কতটা পানযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনেরা। ফলে বাধ্য হয়ে রোগী ও তাদের আত্মীয়দের বাইরে থেকে খরচ করে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে।

এই পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে অবিলম্বে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করার জোরদার দাবি জানিয়েছেন রোগীর পরিজনেরা। কোটি কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হলেও, পানীয় জলের মতো মৌলিক চাহিদা পূরণ না হওয়ায় রোগী ও তাদের পরিবারের সদস্যদের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না।