আকাশপথে চিকিৎসাজনিত কারণে ঘোরানো হল বিমানের অভিমুখ ! লন্ডন-মুম্বই ভার্জিন আটলান্টিকের জরুরি অবতরণ তুরস্কে

লন্ডন থেকে মুম্বইগামী ভার্জিন আটলান্টিকের একটি বিমান (Virgin Atlantic Flight) মাঝপথে জরুরি অবতরণ করতে বাধ্য হল তুরস্কে। গত ২ এপ্রিল, বুধবার ভার্জিন আটলান্টিকের VS358 ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে, উড়ানের কিছুক্ষণ পরেই এক যাত্রীর আকস্মিক স্বাস্থ্য খারাপ হওয়ায় বিমানটির গতিপথ পরিবর্তন করে তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বিমানটিতে শিশু ও বয়স্কসহ দুই শতাধিক যাত্রী ছিলেন। জরুরি অবতরণের ফলে যাত্রীরা প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় ধরে তুরস্কের ওই বিমানবন্দরে আটকা পড়েন। এই অপ্রত্যাশিত বিলম্বের কারণে যাত্রীদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা গেলেও, ভার্জিন আটলান্টিক কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার, ৪ এপ্রিল তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টায় দিয়ারবাকির বিমানবন্দর থেকে বিমানটি পুনরায় মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। ভার্জিন আটলান্টিক আরও জানিয়েছে, এই দীর্ঘ সময় তুরস্কে অবস্থানকালে যাত্রীদের আরামের জন্য হোটেলে থাকার এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বিমান সংস্থা অসুস্থ যাত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছে এবং এই আকস্মিক ঘটনার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুম্বইগামী যাত্রীরা তাদের গন্তব্যের দিকে যাত্রা করার জন্য প্রস্তুত।