PPF-অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সুখবর, নমিনি পরিবর্তনে দিতে হবে না সার্ভিস চার্জ, পাবেন সম্পূর্ণ বিনামূল্যে!

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকদের জন্য বড় ধরনের স্বস্তি এনেছে সরকার। এখন থেকে পিপিএফ অ্যাকাউন্টে নমিনির পরিবর্তন বা নমিনির বিবরণ আপডেট করার জন্য আর কোনও রকম পরিষেবা মূল্য বা সার্ভিস চার্জ (Service Charge) দিতে হবে না। ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহিত করতে পিপিএফ অ্যাকাউন্ট যারা খোলেন, তাদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে অত্যন্ত সুবিধাজনক হবে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমি সম্প্রতি জানতে পেরেছি যে কিছু আর্থিক প্রতিষ্ঠান পিপিএফ অ্যাকাউন্টে নমিনি পরিবর্তন করা অথবা নমিনির তথ্য আপডেট করার জন্য গ্রাহকদের কাছ থেকে ফি আদায় করছে।” এই ধরনের চার্জ নেওয়া বন্ধ করার জন্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। ২ এপ্রিলের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি সঞ্চয় প্রচার সাধারণ নিয়ম ২০১৮-এর সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীর ফলে এখন থেকে পিপিএফ অ্যাকাউন্টধারীদের নমিনির বিস্তারিত তথ্য আপডেট করার জন্য কোনও প্রকার অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না।

সরকার কর্তৃক পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে আগে নমিনি বাতিল বা পরিবর্তনের জন্য ৫০ টাকা করে ফি ধার্য করা হত। গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিয়মও বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানান, সম্প্রতি পাশ হওয়া ব্যাঙ্কিং সংশোধনী বিল ২০২৫-এর অধীনে আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং পণ্য ও নিরাপত্তা লকারের ক্ষেত্রে সর্বোচ্চ চারজন ব্যক্তিকে অ্যাকাউন্টে নমিনি হিসেবে নির্বাচন করার সুযোগ পাবেন সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা।

উল্লেখ্য, মঙ্গলবার লোকসভায় পাশ হওয়া ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২৫ ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ৪ জনকে নমিনি মনোনীত করার বিকল্প অনুমোদন করেছে। এর ফলে আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী একবারে অথবা ধাপে ধাপে মোট চারজন নমিনিকে নির্বাচন করতে পারবেন। তবে, ব্যাঙ্কে লকার থাকলে আমানতকারীরা নমিনিদের ক্ষেত্রে ক্রমিক মনোনয়নের সুবিধা পাবেন। অর্থাৎ, তারা প্রাধান্যের ভিত্তিতে নমিনি নির্বাচন করতে পারবেন, যাতে অ্যাকাউন্টধারীর অনুপস্থিতিতে লকারের সম্পদ বা অর্থ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সঠিকভাবে বণ্টন করা যায়।

আগের নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যক্তি তার পিপিএফ অ্যাকাউন্টে তার দুই সন্তান ও বৃদ্ধা মাকে নমিনি হিসেবে মনোনীত করার জন্য আবেদন করতেন, তাহলে তাকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হত এবং একসঙ্গে এতজনকে নমিনি নির্বাচন করার সুযোগও ছিল না। তবে, নতুন আইনে কোনও রকম চার্জ ছাড়াই একসঙ্গে তিনজনকে নমিনি মনোনীত করা যাবে, যা গ্রাহকদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুবিধা। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা আরও সহজে তাদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।