বাতিল হাজার হাজার চাকরি! যদি কেউ টাকা ফেরত দিতে না পারেন, তাহলে কি হবে?

সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা নিয়োগপ্রাপ্ত হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। মোট ২৫,৭৫২ জনের চাকরি বাতিল হয়েছে বৃহস্পতিবারের রায়ে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব হয়নি। সেই কারণেই পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত।
তবে শুধু চাকরি বাতিলেই থেমে থাকেনি আদালতের রায়। যাঁরা সাদা খাতা জমা দিয়েছেন বা ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এঁদের ২০১৬ সাল থেকে পাওয়া সম্পূর্ণ বেতন ফিরিয়ে দিতে হবে, সঙ্গে সুদসহ অর্থ ফেরতের নির্দেশও জারি হয়েছে।
এই তালিকায় রয়েছেন ৫,৪৮৫ জন। তাঁদের নাম আগেই উঠে এসেছিল কলকাতা হাইকোর্টের রায়ে। সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রেখেছে।
তবে প্রশ্ন উঠছে, যদি কেউ এই বিপুল পরিমাণ টাকা ফেরত দিতে না পারেন, তাহলে কী হবে?
সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও, যেহেতু হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে, তাই রেভিনিউ রিকভারি অ্যাক্ট, ১৯৮০ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ, সরকারের কর আদায়ের যেভাবে সম্পত্তি থেকে রাজস্ব আদায় করা হয়, সেভাবেই ওই টাকা ‘এরিয়ার অব ল্যান্ড রেভিনিউ’ হিসেবে আদায় করতে হবে। এই প্রক্রিয়া শুরু করতে হবে রায়ের ৬ সপ্তাহের মধ্যে।