তাপপ্রবাহ ও দূষণে ১.৫ গুণ বেশি মৃত্যু ভারতে ! ঝুঁকিপূর্ণ তালিকায় কলকাতার নামও

অন্যান্য বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা অনেক বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে চলতি বছরে তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় বেশি অনুভূত হবে। একদিকে ক্রমবর্ধমান তাপমাত্রা, অন্যদিকে ভয়াবহ দূষণ – এই দুইয়ের যোগফলে প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। সম্প্রতি এক নতুন গবেষণায় উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। গবেষণাটি বলছে, দূষণ এবং উচ্চ তাপমাত্রার কারণে ভারতের দশটি প্রধান শহরে স্বাভাবিকের চেয়ে গড়ে ১.৫ গুণ বেশি মৃত্যু হয়েছে। বিশেষত স্বল্প সময়ের জন্যেও যদি কেউ পিএম ২.৫ (PM 2.5) এর সংস্পর্শে আসেন, তবে মৃত্যুর ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পায়। স্থানীয়ভাবে সৃষ্ট দূষণ এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই গবেষণার ফলাফল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ভারত বিশ্বের অন্যতম দূষিত দেশ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানে রেকর্ড তাপমাত্রা ও তীব্র তাপপ্রবাহ দেখা যায়। নয়া দিল্লির সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল এবং বারানসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই গবেষণাটি পরিচালনা করেছেন। তাঁদের গবেষণায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে, শিমলা এবং বারাণসী – এই দশটি শহরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, এই শহরগুলিতে দৈনিক গড় পিএম ২.৫-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২০ থেকে ১০০ মাইক্রোগ্রামের মধ্যে। এই পরিস্থিতিতে যে ৩৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের ক্ষেত্রে বায়ু দূষণ মৃত্যুর হারের উপর একটি বড় প্রভাব ফেলেছে, বিশেষ করে উষ্ণ দিনগুলিতে। মাঝারি থেকে উচ্চ তাপমাত্রায়, যা ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে শহরভেদে ভিন্ন হতে পারে, প্রতি ঘনমিটারে ১০ মাইক্রোগ্রাম পিএম ২.৫ বৃদ্ধি পাওয়ায় তাপ-সম্পর্কিত মৃত্যুর হার ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে দৈনিক মৃত্যুর হারের সঙ্গে পিএম ২.৫-এর সম্পর্ক আরও প্রকট হয়েছে যখন তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল। সেই সময় মৃত্যুর হার ৪.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রিপোর্ট অনুযায়ী, অত্যাধিক পরিবেশগত তাপমাত্রা বৃদ্ধির ফলে মৃত্যুর ঝুঁকি ক্রমশ বাড়ছে। যেখানে প্রতি ঘনমিটারে ২০ মাইক্রোগ্রাম পিএম ২.৫-এর গড় ঘনত্বের সংস্পর্শে আসায় মৃত্যুর ঝুঁকি ছিল ৮.৩ শতাংশ, সেখানে প্রতি ঘনমিটারে ১০০ মাইক্রোগ্রাম পিএম ২.৫-এর সংস্পর্শে আসার ক্ষেত্রে তা ৬৩.৯ শতাংশে পৌঁছেছে। এর অর্থ, যেদিনগুলিতে দৈনিক পিএম ২.৫-এর ঘনত্ব এবং তাপমাত্রা চরম থাকে, সেদিনগুলিতে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই প্রবণতা বিশেষভাবে আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি এবং কলকাতায় লক্ষ্য করা গেছে।
গবেষকরা আরও উল্লেখ করেছেন যে ভালো দৃশ্যমানতার কারণে গ্রীষ্মকালে বায়ু দূষণের প্রভাব সাধারণত কম মনে হলেও, দূষণ কিন্তু বজায় থাকে। দিল্লির মতো শহরে গ্রীষ্মকালেও পিএম ২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্ধারিত নিরাপদ সীমার অনেক উপরে থাকে। বার্ষিক দৈনিক পিএম ২.৫-এর মাত্রাও সাধারণত এখানে বেশি থাকে এবং তার ওপর তাপমাত্রার চাপ ক্রমশ বাড়ছে। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, দিল্লি বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। অন্যদিকে, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলির মধ্যে ভারতের স্থান পঞ্চম, যা ২০২৩ সালে তৃতীয় ছিল। দূষিত শহরগুলির তালিকার বেশিরভাগই উত্তর-পশ্চিম ভারতে, বিশেষত রাজস্থান থেকে পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত।
গবেষণায় মূলত বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির সাথে দৈনিক মৃত্যুর একটি সরলরৈখিক সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। শুধু বায়ু দূষণের মাত্রাই নয়, পিএম ২.৫-এর গঠন এবং বিষাক্ততাও বছরের উষ্ণতম মাসগুলিতে পরিবর্তিত হয়। যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন দূষণকারী এবং গৌণ কণা তৈরির সহায়ক হতে পারে। দিল্লির মতো শহরে কার্সিনোজেনিক ব্ল্যাক কার্বনের আধিক্য দেখা যেতে পারে, তবে বারানসীর মতো শহরে ধূলিকণার পরিমাণ বেশি থাকতে পারে।
উল্লেখ্য, পূর্বের গবেষণাগুলিতে দেখা গেছে যে তীব্র তাপ ও তাপপ্রবাহ মানব দেহের বায়ু দূষণকারী পদার্থগুলিকে বিষমুক্ত করার ক্ষমতা হ্রাস করতে পারে এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করে দুর্বলতা বাড়াতে পারে। এর ফলে শরীরে বায়ু দূষণকারী পদার্থের গ্রহণ এবং বিস্তার বৃদ্ধি পায়। এই কারণগুলি অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহজনক প্রতিক্রিয়া এবং কোষের ক্ষতি বৃদ্ধি করতে পারে, যা শেষ পর্যন্ত উচ্চ মৃত্যুর ঝুঁকির সাথে যুক্ত। এই গবেষণা আবারও প্রমাণ করল যে জলবায়ু পরিবর্তন এবং বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য কতটা বড় হুমকি এবং এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া কতটা প্রয়োজন।