SSC-মামলায় রাজ্যের শেষ রক্ষা হল না, ২৫ হাজার ৩০০ জনের চাকরি বাতিলের নির্দেশ

এসএসসি (SSC) মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেও শেষ পর্যন্ত স্বস্তি পেল না রাজ্য সরকার। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া ২৫ হাজার ৩০০ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবারের রায়ে শীর্ষ আদালত হাইকোর্টের আগের রায়কেই সমর্থন জানিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, এই মামলায় যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদাভাবে বাছাই করা সম্ভব নয়।

শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালীন, এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI) হাইকোর্টের ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশকে সমর্থন জানিয়েছিল।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের তীব্র সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বিজেপির (BJP) রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘‘এর জন্য সরাসরি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। যদি তাঁর সরকার যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারত, তাহলে আজ যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি হারাতে হত না।’’ তিনি আরও জানান, আগামী দিনে এই চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে পথে নামবে বঙ্গ বিজেপি। রমনবমী শেষ হলেই পূর্ণ শক্তিতে তাঁরা প্রতিবাদ জানাবেন বলে ঘোষণা করেন সুকান্ত মজুমদার।

অন্যদিকে, সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী এই রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘‘এক বছর পেরিয়ে গেল, সরকার চিহ্নিত করতে পারল না কারা যোগ্য আর কারা অযোগ্য? কত টাকা খেয়েছে? কিছু অযোগ্য এবং অপদার্থ, যাদের টাকা দিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসকদল, তাদেরকে রক্ষা করার জন্য আজ যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করতে হল? সরকার কি অযোগ্যদের পাশে দাঁড়িয়েছে? যোগ্যদের পাশে কি সরকার দাঁড়ায়নি?’’

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টে প্রথম এই নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ সামনে আসে। ৮১৬৩টি কারচুপির সুপারিশের অভিযোগ ওঠে। সিবিআই-এর প্রাক্তন ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য এই বিষয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিলেন।

প্রসঙ্গত, এসএসসির শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে একাদশ-দ্বাদশ, নবম-দশমের শিক্ষক এবং গ্রুপ ডি ও গ্রুপ-সির কর্মী সহ মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি চলে যায়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সহ একাধিক পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং আজ সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করল শীর্ষ আদালত।

রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে, এই পর্যায়ে এসে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করা কার্যত অসম্ভব। সেই কারণে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করার হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হল। তবে, সুপ্রিম কোর্ট এই রায়ের পাশাপাশি একগুচ্ছ অন্য নির্দেশও দিয়েছে। রায়ে জানানো হয়েছে, কাদের গত বছরের বেতন সুদসহ ফেরত দিতে হবে এবং কাদের নয়। এছাড়াও, চাকরি বাতিল হওয়া প্রায় ২৫ হাজার ৩০০ জন রাজ্য সরকারের অন্যান্য দফতরে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে তাঁদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। যে সমস্ত কর্মীরা পূর্বে অন্য চাকরি ছেড়ে এই পদে যোগ দিয়েছিলেন, তাঁরা তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আগামী তিন মাসের মধ্যে তাঁদের পূর্বতন পদে ফেরত পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।