‘টানটা শুধুই শারীরিক নয়…’ দীর্ঘ বছর পর অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ‘আয়েষা জুলকা’ ?

কেরিয়ারের যখন স্বর্ণালী সময়, একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন, সেই সময়েই আকস্মিকভাবে তাঁর নাম জড়িয়েছিল বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে। ‘খিলাড়ি’ তো বটেই, ‘ওয়ক্ত হামারা হ্যায়’, ‘জয় কিষণ’, ‘দিল কি বাজি’-র মতো ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়ন ছিল চোখে পড়ার মতো। শুধু অক্ষয়ই নন, নানা পটেকর এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল সেই সময়। দীর্ঘ বছর পর সেইসব পুরোনো দিনের সম্পর্কের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী আয়েষা জুলকা। সম্প্রতি ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
আশ্চর্যজনকভাবে, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছিল, তা পুরোপুরি অস্বীকার করেননি আয়েষা। বরং কিছুটা যেন স্বীকারই করে নিয়েছেন তিনি। “সেই সময়ের ট্যাবলয়েডগুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন প্রায় সকল অভিনেতার সঙ্গেই আমার নাম জড়ানো হয়েছে,” এমনটাই দাবি করেন আয়েষা। এরপর অক্ষয় কুমারের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আমাদের সম্পর্কটা বেশ মজার ছিল। যখন আপনি কারও সঙ্গে সাত-আটটা ছবিতে কাজ করবেন, তখন স্বাভাবিকভাবেই তিন-চার দিন অন্তর সেটে দেখা হবে! সেই সময় ব্যাপারটা খুবই সরল ছিল, এর বেশি কিছু নয়। আমার এখনও মেয়ে বন্ধুর তুলনায় ছেলে বন্ধুর সংখ্যা বেশি, তার মানে এই নয় যে তাদের সকলের সঙ্গেই আমার প্রেমের সম্পর্ক রয়েছে!”
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আয়েষা আসল কথাটি চেপে গেলেন? এই প্রশ্নের উত্তরে নায়িকা স্পষ্ট জানান, “আজকালকার দিনে এই সব লুকানোর তো কিছু নেই, সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি।” এরপর অক্ষয় কুমারকে নিয়ে আরও অকপট হন তিনি। “একটা আকর্ষণ হয়তো ছিল, তবে সেটা থাকাটা অস্বাভাবিক কিছু নয়! আমরা দুজনেই একে অপরকে খুব পছন্দ করতাম। কিন্তু সেই টান শুধু শারীরিক ছিল না, শুধুমাত্র শারীরিক আকর্ষণ বলে বিষয়টিকে ব্যাখ্যা করা উচিত নয়।”
তবে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে প্রকারান্তরে সম্মতি জানালেও, বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না বলে জোর গলায় দাবি করেছেন আয়েষা। একইসঙ্গে মণীষা কৈরালা এবং নানা পটেকরের সম্পর্ক ভাঙার পেছনে তাঁর কোনো ভূমিকা ছিল না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। “এর মধ্যে কোনো সম্পর্কের ব্যাপারই ছিল না। আমরা একসঙ্গে একটি ফটোশুট করেছিলাম, এরপর ওঁর সঙ্গে একটি নাটকেও অভিনয় করি। ওঁর বয়সটা তো দেখুন! সমবয়সী নায়কদের সঙ্গে সম্পর্কের গুজবটা আমি কোনোমতে বুঝতে পারি, কিন্তু যারা বয়সে অনেক বড়, তাদের নিয়ে এই ধরনের কথা বলতেও আমার বিরক্তি লাগে। মণীষা কৈরালা যে ওঁকে ছেড়ে চলে গিয়েছিলেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না,” পুরনো দিনের এই বিতর্কিত গুজবে ইতি টানতে চাইলেন আয়েষা জুলকা।
আয়েষা জুলকার এই অকপট স্বীকারোক্তি এবং স্পষ্টীকরণের পর নব্বই দশকের এই জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কিছুটা হলেও কাটল বলে মনে করছেন অনেকেই।