আলিপুরদুয়ারে বিজেপির নতুন সভাপতি মিঠু দাস, গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ওড়ালেন

একদিন আগেই জেলার বিজেপি বিধায়কের দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের পর গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের আলোচনা শুরু হয়েছিল। তবে, আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতির দায়িত্ব নিয়েই সেই জল্পনায় জল ঢাললেন মিঠু দাস।
মঙ্গলবার কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওঁ-র সোশ্যাল মিডিয়ায় করা একটি বেসুরো পোস্টের পর বুধবার রাজ্য বিজেপি নেতৃত্ব আলিপুরদুয়ার জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করে। এদিন মিঠু দাসের নাম ঘোষণার পরই তিনি জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে স্পষ্ট বার্তা দেন।
দীর্ঘদিন ধরে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা পেশায় শিক্ষক মিঠু দাসের জেলা সভাপতি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি আলিপুরদুয়ারের বিজেপি কর্মীরা। এদিন নবনিযুক্ত জেলা সভাপতি মিঠু দাস বলেন, “দলে কোনও গোষ্ঠীকোন্দল নেই। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ-র পোস্ট আমরা দেখেছি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। পরবর্তীতে আলোচনা করে সব মিটিয়ে নেওয়া হবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “বিজেপি দল কোনও ব্যক্তিকেন্দ্রিক দল নয়। মানুষের স্বার্থেই এই দল।”
আরও পড়ুন:
শুভেন্দুর ‘হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ’ মন্তব্য নিয়ে কী বললেন দিলীপ?
দিলীপ ঘোষ: ‘বাড়াবাড়ি করলে ইলেকশন পর্যন্ত চলবে’, রামনবমী নিয়ে বড় ঘোষণা দিলীপের
বাংলাদেশির কত রূপ: ভারতে বিয়ে, ধোঁকা, পরকীয়া, ভুয়ো ভোটার কার্ড…
৭০ শতাংশ! নতুন মুখ দিয়েই বাংলা দখল করতে চায় বিজেপি?
প্রসঙ্গত, গতকাল মনোজ কুমার ওরাওঁ সোশ্যাল মিডিয়ায় দলের একাংশকে নিশানা করে লিখেছিলেন, “শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে। কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিতাকেই প্রধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে।” এমনকি তিনি দলের কোনও পদেও আর না থাকার ইঙ্গিত দিয়েছিলেন।
দলে যদি সত্যিই কোনও গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে, তাহলে কুমারগ্রামের বিধায়ক কেন এমন পোস্ট করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিজেপির নবনিযুক্ত জেলা সভাপতি মিঠু দাস দায়িত্ব নিয়েই ‘গোষ্ঠীকোন্দল নেই’ এই বার্তা দিয়ে দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার ইঙ্গিত দিতে চাইলেন।