Recipe: গরমে শরীর জুড়িয়ে নিন আনারসের শরবতে, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

গ্রীষ্মের দাবদাহে শরীর ও মনকে সতেজ রাখতে নানান ধরনের ঠান্ডা পানীয়ের বিকল্প নেই। শুধু তৃষ্ণা নিবারণই নয়, এই শরবতগুলি ত্বক ও শরীরের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। গরমকালে আম দিয়ে তৈরি শরবত, লস্যি বা আম পোড়া শরবতের চাহিদা থাকে তুঙ্গে। তবে এবার আমের স্বাদ থেকে একটু ভিন্নতা এনে চেখে দেখুন আনারসের তৈরি সুস্বাদু শরবত। গরমের দুপুরে এই পানীয় নিমেষে শরীর ও মনকে চাঙ্গা করে তুলবে।
উপকরণ:
- আনারসের টুকরো: ১ কাপ
- মাখন: ২-৩ টেবিল চামচ
- ক্যাস্টর সুগার: ৩-৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
- লেবুর রস: স্বাদ অনুযায়ী
- বিট নুন: স্বাদ অনুযায়ী
- সাধারণ নুন: স্বাদ অনুযায়ী
- চাট মশলা: ২ চা চামচ
- ভাজা জিরে গুঁড়ো: ২ চা চামচ
- পুদিনা পাতা: ১২-১৫টি
- বরফের কিউব: পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটি ইলেকট্রিক গ্রিলে সামান্য মাখন মাখিয়ে নিন। এরপর গোল গোল করে কাটা আনারসের টুকরোগুলি গ্রিলের উপর সাজিয়ে সোনালি হওয়া পর্যন্ত গ্রিল করুন।
২. আনারস সোনালি হয়ে গেলে গ্রিল থেকে নামিয়ে মিক্সারে দিয়ে মিহি করে বেটে নিন।
৩. বাটা আনারসের মিশ্রণটি একটি পাত্রে ছেঁকে নিন। আনারসের আঁশ বা ছোবরা ফেলে দিন এবং মসৃণ পেস্টটি পুনরায় ব্লেন্ডারে ঢালুন।
৪. ব্লেন্ডারে আনারসের পেস্টের সঙ্গে একে একে ক্যাস্টর সুগার, লেবুর রস, বিটনুন, সাধারণ নুন, চাট মশলা এবং ভাজা জিরে গুঁড়ো মেশান।
৫. সব উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে পুদিনা পাতা এবং পরিমাণ মতো বরফের কিউব যোগ করুন।
৬. সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিন যতক্ষণ না একটি মসৃণ ও ঠান্ডা শরবত তৈরি হয়।
৭. তৈরি হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু আনারসের শরবত।
এই সহজ পদ্ধতিতে তৈরি আনারসের শরবত গরমে আপনার শরীর ও মনকে যেমন সতেজ রাখবে, তেমনই এর ভিন্ন স্বাদ আপনার পানীয়ের তালিকায় যোগ করবে এক নতুন মাত্রা।