চা শ্রমিকদের বকেয়া মজুরি মেটাতে ও এইমসের দাবিতে দিল্লিতে BJP-বিধায়কদের দরবার

কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা চা শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া মজুরি মেটানোর দাবিতে এবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দ্বারস্থ হলেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরার নেতৃত্বে দশ জন বিজেপি বিধায়ক মঙ্গলবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয়ের সঙ্গে দেখা করে শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার অনুরোধ জানান। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বিষয়টি আগামী মে মাসে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
একইসঙ্গে, উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল স্থাপনের দাবিতেও সরব হয়েছেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিককালে উত্তরবঙ্গের বিধায়কদের এই ধরনের সম্মিলিত প্রয়াস আগে দেখা যায়নি।
বৈঠক শেষে বিজেপি বিধায়ক পুনা ভেংরা জানান, “কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কারবালা, বানারহাট ও নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি এবং অন্যান্য বকেয়া মজুরির সমস্যা নিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আগামী মে মাসে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দ্রুত সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।”
এছাড়াও, বিজেপি বিধায়করা কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করে ‘পিএম কিষান নিধি’র সুবিধা উত্তরবঙ্গের কৃষকরা যাতে আরও বেশি করে পান, সেই বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকারের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পগুলি উত্তরবঙ্গে আরও কার্যকরভাবে রূপায়ণের দাবিও জানানো হয়েছে।
বিধায়ক পুনা ভেংরা আরও জানান, “ICDS প্রকল্পের কর্মীদের মোবাইল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের বিষয়েও আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়ের সঙ্গেও বৈঠক করা হয়েছে।” তিনি উত্তরবঙ্গের ‘ইকো সেনসেটিভ জোনে’ অপরিকল্পিতভাবে বড় বড় নির্মাণকার্য হওয়ায় পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ছে, সেই বিষয়েও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই প্রতিনিধি দলে জলপাইগুড়ির বিধায়ক পুনা ভেংরা, কৌশিক রায়, শিখা চ্যাটার্জি এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়করা কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী অনুপমা দেবী, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপিন্দর যাদব, কেন্দ্রীয় শ্রম ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয় এবং কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লালের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিধায়ক পুনা ভেংরা জানিয়েছেন, বুধবার তাঁরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। তিনি বলেন, “আমরা উত্তরবঙ্গে এইমস হাসপাতালের দাবি জানাব। পাহাড়ের স্বাস্থ্য পরিষেবা এখনও উন্নত নয়। এইমস হাসপাতালের মতো একটি উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের প্রয়োজনীয়তা উত্তরবঙ্গে অপরিহার্য।”