বিপাশার স্বামী করণের সঙ্গেও প্রেম ছিল বরখা বিস্তর, জেনেনিন কেন ভেঙে যায় সম্পর্ক?

প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী বরখা বিস্ত। বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং পরকীয়ার মতো গুরুতর অভিযোগ এনে ইন্দ্রনীলের সঙ্গে তাঁর ১৪ বছরের দাম্পত্য ভাঙনের কারণ প্রকাশ্যে এনেছেন তিনি। তবে ইন্দ্রনীলের আগেও ইন্ডাস্ট্রির অন্য এক অভিনেতা নাকি বরখার হৃদয় ভেঙেছিলেন।

কেরিয়ারের শুরুতে, ২০০৪ সালে ‘কিতনি মস্ত হ্যয় জিন্দেগি’ সিরিয়ালে কাজ করার সময় সহ-অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বরখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। বরখা জানান, বয়সে ছোট হলেও করণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি এবং তাঁদের সম্পর্ক প্রায় দুই বছর স্থায়ী ছিল।

ব্রেকআপের কারণ ব্যাখ্যা করে বরখা বলেন, “আমরা সেই সময় অতটা পরিণত ছিলাম না। করণ খুবই দয়ালু ছিল, ওর সহজাত দয়াভাবই আমাকে আকৃষ্ট করেছিল।” মুম্বইয়ের কঠোর বাস্তবতায় করণের সেই দয়ালু স্বভাবের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন বলেও জানান বরখা। পাশাপাশি, করণের সুঠাম শরীরের কথাও উল্লেখ করেন তিনি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। তবে সময়ের সাথে সাথে তাঁদের দুজনের জীবন এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যায়।

বরখা জানান, মুম্বইতে সেটাই ছিল তাঁর প্রথম হৃদয় ভাঙার অভিজ্ঞতা এবং সেই বিচ্ছেদ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। করণ বরখার চেয়ে দুই বছরের ছোট ছিলেন এবং সেই সম্পর্ক ভাঙনের ধাক্কা সামলাতে অভিনেত্রীকে বেশ বেগ পেতে হয়েছিল।

তবে বর্তমানে করণের প্রতি আর কোনও তিক্ততা নেই বরখার। বরং এখনও তাঁর প্রতি ভালোবাসা রয়েছে এবং তিনি করণের মঙ্গল কামনা করেন। অন্যদিকে, করণ সিং গ্রোভারও তাঁর অতীত সম্পর্ক ভুলে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সুখের সংসার করছেন এবং তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। বরখার এই পুরনো সম্পর্ক নিয়ে ফের মুখ খোলায় হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফের গুঞ্জন শুরু হয়েছে।