কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে চেন্নাই বধ! সাত বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিয়ান পরাগ

রাজস্থান রয়্যালসের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন। সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি এবং রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় ছিনিয়ে এনেছেন। শেষ ওভারে ২০ রান দরকার থাকলেও, পরাগের নেতৃত্বাধীন রাজস্থান ৬ রানে ম্যাচ জিতে নেয়।

এই জয়ের ফলে রিয়ান পরাগ নিজের নামের পাশে একটি বিশেষ রেকর্ড যোগ করেছেন। মাত্র ২৩ বছর ১৪০ দিন বয়সে আইপিএল-এর ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে হারানোর কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল শ্রেয়স আইয়ারের দখলে। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকাকালীন ২৩ বছর ১৬৩ দিন বয়সে চেন্নাইকে হারিয়েছিলেন আইয়ার। বর্তমানে ৩০ বছর বয়সী আইয়ার পাঞ্জাব কিংসের অধিনায়ক এবং এর আগে কলকাতা নাইট রাইডার্সেরও নেতৃত্ব দিয়েছেন।

কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে চেন্নাইকে হারানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ (২৩ বছর ১৮৮ দিন), চতুর্থ স্থানে রশিদ খান (২৩ বছর ২০৯ দিন) এবং পঞ্চম স্থানে ফের ঋষভ পন্থ (২৪ বছর)।

উল্লেখ্য, নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন আঙুলের চোটে কাবু হওয়ায় আপাতত উইকেটকিপিং করতে পারছেন না এবং শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলছেন। এই পরিস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন তরুণ রিয়ান পরাগ। প্রথম তিন ম্যাচে তাঁর নেতৃত্বেই মাঠে নেমেছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। অল্প বয়সেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দেওয়া এবং জয় এনে দেওয়ায় ক্রিকেট মহলে রিয়ান পরাগের প্রশংসা করছেন অনেকেই।