মমতার ‘গন্দা ধরম’ মন্তব্যে বিতর্ক, সনাতন ধর্মকে নোংরা বলার অভিযোগ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রেড রোডে ইদের নমাজের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মকে ‘নোংরা ধর্ম’ বলে উল্লেখ করেছেন।
সোমবার রেড রোডে ইদের নমাজের মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উর্দু ও হিন্দিতে বক্তব্য রাখেন। শুভেন্দু অধিকারী সেই বক্তব্যের একটি অংশ ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘ইয়ে যো গন্দা ধরম, হম ইসকো নেহি মানতা।’
এই মন্তব্যের পরই সরব হন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, “কোন ধর্মকে নোংরা ধর্ম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রেড রোডে বোধগম্যতার অতীত বাজে উর্দু ভাষ্যে আপনি মুসলিম সম্প্রদায়কে তোষণের চেষ্টা করেছেন। আপনি বলেছেন যে আপনি নোংরা ধর্ম মানেন না। কোন ধর্মকে আপনি নোংরা বলতে চাইছেন? সনাতন হিন্দু ধর্ম? ইদ – উল – ফিতরে আপনি কী ধরণের প্ররোচনামূলক বক্তব্য রাখছেন? আপনি আজ যতবার ঈদ বলেছেন তার থেকে বেশিবার দাঙ্গা শব্দটি উচ্চারণ করেছেন।”
বিরোধী দলনেতার আরও প্রশ্ন, “এটা কি একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না কি রাজনৈতিক কর্মসূচি? কেন আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘৃণা ছড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিই ধর্মকে সশস্ত্র করেছেন। খুব দ্রুত এর ফল আপনাকেই ভুগতে হবে।”
প্রসঙ্গত, রেড রোডের ইদের অনুষ্ঠানে প্রায় দশ মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি হিন্দি ও উর্দু মিশিয়ে বলেন, ‘আমি রামকৃষ্ণ – বিবেকানন্দের ধর্মকে মানি। জেনেশুনে একটা নোংরা ধর্ম এই ভুয়ো রাজনৈতিক দল বানিয়েছে তাকে আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। সমস্ত হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়। সমস্ত খ্রীস্টান আপনাদের বিরুদ্ধে নয়। কয়েকজন রাজনৈতিক নেতা আছেন যারা এসব নিয়ে ব্যবসা করেন। ওদের দোকান আমি বন্ধ করে দেব।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোরদার আলোচনা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এটিকে সনাতন ধর্মের অপমান হিসেবে দেখা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জল কতদূর গড়ায়।