আইপিএল শুধুই বিনোদন নয়, ব্যাট-বলের ভারসাম্য জরুরি, বোর্ডের কাছে আবেদন শার্দূল ঠাকুরের

আইপিএলের পিচ নিয়ে অসন্তোষ যেন থামছেই না। কেকেআর, চেন্নাই সুপার কিংসের পর এবার লখনউ সুপার জায়ান্টস শিবিরেও পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু পিচ নয়, আরও একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দূল ঠাকুর। তাঁর স্পষ্ট বার্তা, আইপিএল যেন শুধুমাত্র বিনোদনের মাধ্যম হয়ে না দাঁড়ায়। বোর্ডের কাছে ব্যাট ও বলের ভারসাম্য বজায় রাখার জন্য জোরালো আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে হাই স্কোরিং পিচ এবং ইমপ্যাক্ট প্লেয়ারের মতো বিনোদনমূলক উপাদানগুলিকে আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন শার্দূল।
টি-টোয়েন্টি ক্রিকেট মূলত চার-ছক্কার ফুলঝুরি হিসেবেই পরিচিত, যেখানে দর্শকরা সাধারণত ব্যাটারদের দাপট দেখতেই বেশি পছন্দ করেন। হাতে গোনা কিছু ম্যাচেই বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়। বোলারদের কিছুটা সুবিধা দিতে আইপিএলের তরফে রাতের ম্যাচে বল পরিবর্তনের নিয়মও আনা হয়েছে। তবে শার্দূল ঠাকুরের মতে, আরও কিছু পরিবর্তন আনা জরুরি। বর্তমানে ব্যাটাররা যেন মুড়ি-মুড়কির মতো ছয়-চার হাঁকাচ্ছেন এবং প্রায় প্রতিটি দলই নিয়মিতভাবে ২০০ রানের গণ্ডি পেরোচ্ছে। গতবারের আইপিএলে মোট ৭৪টি ম্যাচের মধ্যে ৪১টিতেই ২০০-এর বেশি রান দেখা গিয়েছিল। আর এবারের টুর্নামেন্টেও ইতিমধ্যেই ১০টি ম্যাচে ২০০-এর বেশি রান উঠেছে এবং একাধিকবার সেই রান তাড়া করে জেতারও নজির সৃষ্টি হয়েছে।
এই প্রসঙ্গে লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দূল ঠাকুর বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত দাবি নয়, এটা সব বোলারদের মনের কথা। হয়তো অনেকেই প্রকাশ্যে নিজেদের অসন্তোষ প্রকাশ করতে পারছেন না, অথবা মিডিয়ার সামনে পিচের অবস্থা নিয়ে কথা বলার সুযোগ পাননি। তবে সমস্ত বোলাররাই চান এমন পিচ তৈরি করা হোক, যেখানে খেলার একটা সঠিক ভারসাম্য বজায় থাকে। শুধুমাত্র ব্যাটাররা একতরফাভাবে এসে বোলারদের মারবেন, এমনটা যেন না হয়। কারণ আমরাও চাই ম্যাচে আমাদের ন্যায্য সুযোগ থাকুক।’
তিনি আরও যোগ করেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বর্তমানে একটি বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি দলই একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ পাচ্ছে। এই যে ২৫০ রানের স্কোর দেখা যাচ্ছে, তা কেবল নিয়ম পরিবর্তনের কারণেই নয়, পিচের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি বোলিং ইউনিট হিসেবে শুধু এটাই বলতে চাই যে, আমাদেরও ন্যায্য সুযোগ দেওয়া উচিত। বোলাররাও যাতে পিচ থেকে কিছুটা হলেও সুবিধা পায়।’
শার্দূল ঠাকুরের এই মন্তব্য ফের একবার আইপিএলের পিচ এবং নিয়মের ভারসাম্য নিয়ে বিতর্ক উস্কে দিল। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বোলারদের জন্য সহায়ক পিচ তৈরি করা গেলে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে এবং খেলা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এখন দেখার বিষয়, শার্দূল ঠাকুরের এই আবেদনের পর বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল কোনও পদক্ষেপ নেয় কিনা।